জমা পড়ল একটিমাত্র দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের উপস্থিতিতে স্থানীয় সাংসদের ঘনিষ্ঠজন এবং সাবেক এক যুবলীগ নেতার লোকজনের বাধার মুখে গতকাল বুধবার একজন ঠিকাদার ছাড়া অন্যরা দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার সাভার পৌরসভার সাড়ে ১১ কোটি টাকার উন্নয়নমূলক কাজের দরপত্র নিয়ে এ ঘটনা ঘটে।
সাভার পৌরসভা থেকে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে শহর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় সাভার পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণের জন্য ২৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রথম ধাপে সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার পাকিজা থেকে শাহীবাগ চৌরাস্তা এবং সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে রাজাশন পর্যন্ত সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণসহ সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে নামাবাজার পর্যন্ত সড়কের উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। ২ জুলাই থেকে গতকাল পর্যন্ত ছিল দরপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন।
মঙ্গলবার পর্যন্ত পৌরসভাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে নয়টি দরপত্র বিক্রি হয়। কিন্তু গতকাল দরপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছাড়া আর কোনো দরপত্র জমা পড়েনি। ঠিকাদারেরা অভিযোগ করেন, স্থানীয় সাংসদ এনামুর রহমানের ঘনিষ্ঠজন এবং সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম মণ্ডল ও তাঁর লোকজনের বাধার কারণে তাঁরা দরপত্র জমা দিতে পারেননি।
বেশ কয়েকজন ঠিকাদার ও প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল সকাল নয়টার দিকে সাভার মডেল থানার পুলিশ পৌরসভার ভেতরে অবস্থান নেওয়ার পর পরই সেলিম মণ্ডল ও সাংসদের ঘনিষ্ঠজনেরা তিনটি বাসে করে দুই শতাধিক লোক নিয়ে এসে পৌর ভবনের বাইরে অবস্থান নেন। তাঁদের অনেকের হাতেই শটগান দেখা গেছে। যদিও অস্ত্রগুলো বৈধ বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সুমন এন্টারপ্রাইজের মালিক সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ও স্টার বিল্ডার্সের মালিক সুমন চন্দ্র ভৌমিকের ভাই সমর চন্দ্র ভৌমিকসহ দরপত্র জমা দিতে না পারা আরও কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, পূবালী কনস্ট্রাকশন, এসএ ইঞ্জিনিয়ার অ্যান্ড বিথী এন্টারপ্রাইজ, রিলায়েবল বিল্ডার্স, পদ্মা এন্টারপ্রাইজ ও নাওয়াল কনস্ট্রাকশনের পক্ষের লোকজন ছাড়াও তাঁরা দরপত্র জমা দেওয়ার জন্য গতকাল সকালে সাভার পৌরসভায় যান। কিন্তু সেলিম মণ্ডল ও সাংসদের লোকজনের বাধার কারণে তাঁরা দরপত্র জমা দিতে পারেননি। তাঁরা বলেন, পরিস্থিতি এমন ছিল যে জোর করে দরপত্র জমা দিতে গেলে তাঁদের ওপর হামলা হতো। এ পরিস্থিতি সৃষ্টি করা হলেও পুলিশ কোনো ভূমিকা রাখেনি বলে জানান তাঁরা। অবশেষে নিরুপায় হয়ে তাঁরা সাভার পৌর সভার মেয়রসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।
নাওয়াল কনস্ট্রাকশনের মালিক ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রথম আলোকে বলেন, ‘আমার ফার্মের নামে দরপত্র কেনা হয়েছিল। গতকাল সকালে আমার লোকজন দরপত্র জমা দিতে গিয়েছিল। কিন্তু সন্ত্রাসীদের বাধার কারণে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দরপত্র জমা দিতে না পেরে ফিরে আসে।’
সাভার পৌরসভার একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাড়ে ১১ কোটি টাকার উন্নয়নকাজে মাত্র একটি দরপত্র জমা পড়ার ঘটনা নজিরবিহীন।
মেয়র রেফাত উল্লাহ বলেন, ‘তিনটি বাসে করে সেলিম মণ্ডল লোকজন নিয়ে গতকাল পৌর ভবনের বাইরে অবস্থান নেন। বিষয়টি জানার পর আমি সেলিম মণ্ডলসহ কয়েকজনকে ঝামেলা না করার জন্য বারবার অনুরোধ করেছি। কিন্তু তাঁরা আমার কথা রাখেননি। এ সময় সাভার মডেল থানার পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’ এ বিষয়ে সেলিম মণ্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
পুলিশের উপস্থিতিতে ঠিকাদারদের দরপত্র জমা দিতে না পারা প্রসঙ্গে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, পুলিশ ছিল পৌরসভার ভেতরে। সেখানে কোনো বহিরাগত ছিল না। এ ছাড়া ঠিকাদারদের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগও করা হয়নি।
স্থানীয় সাংসদ এনামুর রহমান বলেন, ‘আমার কোনো লোক টেন্ডারবাজির সঙ্গে যুক্ত ছিল না। আর কারা ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দিয়েছে, তা আমার জানা নেই।’