জমি অধিগ্রহণ না করেই চলছে সড়ক নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে সহজে যাতায়াতের জন্য সাড়ে ২৯ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। জমি অধিগ্রহণ না করেই সড়ক নির্মাণের কাজ শুরু করার অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলার শিমুলতলা ও আন্দারুপাড় এলাকার ৭০ জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ক্ষতিপূরণের দাবিতে জমির মালিকেরা ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও জেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নাকুগাঁও স্থলবন্দর থেকে নকলা পৌরশহর পর্যন্ত সাড়ে ২৯ কিলোমিটার দুই লেন সড়কের কাজ চলছে। জমি অধিগ্রহণসহ দুই লেন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে সওজ। সরকারিভাবে প্রতি শতাংশ জমি অধিগ্রহণের জন্য ১২-১৮ হাজার, টিন ও পাকাঘরের জন্য ২০-৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কয়েকজন ক্ষতিগ্রস্ত জমির মালিক জানান, উপজেলার শিমুলতলা এলাকা থেকে আন্দারুপাড় এলাকার দেড় কিলোমিটার সড়কের দুই পাশে ৭০ জনের ফসলি জমি ও পুকুর আছে। ওই জমি ও পুকুর অধিগ্রহণ না করেই সেখানে মাটি ফেলে সড়ক নির্মাণের কাজ করা হচ্ছে। নিয়মানুযায়ী জমির ক্ষতিপূরণের টাকা দিয়ে মাটি ভরাটের কাজ করার কথা। কিন্তু ওই দুই এলাকার জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এমনকি বিনা নোটিশে সড়কের পাশের জমিতে থাকা বেশ কিছু ঘরও ভেঙে দেওয়া হয়েছে।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শিমুলতলা থেকে আন্দারুপাড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের দুই পাশে আমন ধানখেতে মাটি ফেলা হয়েছে। সড়কের পাশে থাকা নয়টি পুকুরের অর্ধেক মাটি ফেলে ভরাট করা হয়েছে। পারিসা ট্রেড সিস্টেম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের কাজ করছে।
শিমুলতলা গ্রামের মো. নুর ইসলাম বলেন, ‘সড়কের দুই পাশে আমার আবাদি ২০ শতাংশ জমির ওপর মাটি ফেলে সড়কের কাজ করছে। এ ব্যাপারে সরকারিভাবে আমাকে কোনো চিঠিপত্র দেওয়া হয় নাই।’
উত্তর শিমুলতলা গ্রামের কৃষক আবদুল খালেক বলেন, ‘আমার একটা পুষকুনি (পুকুর) আর ১৫ শতাংশ ফসলি জমির ওপরে মাটি ফালাইয়া ভরাট করা অইছে। হুনছিলাম জমির ক্ষতিপূরণ দিব। কিন্তু অহন পর্যন্ত কোনো টেহাপইসা পাই নাই।’
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হানিফ মিয়া বলেন, ওই এলাকার কিছু লোকের জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। প্রকৃত জমির মালিক অবশ্যই ক্ষতিপূরণ পাবেন। জমির কাগজপত্র দেখে যত দ্রুত সম্ভব তাঁদের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হবে।