জমি অধিগ্রহণ না করেই সড়ক ও সেতু হচ্ছে
ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিনাশা ইউনিয়নের তারপাশা গ্রামে জমি অধিগ্রহণ না করেই সড়ক ও সেতু নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, তাঁরা ক্ষতিপূরণ চেয়েও পাচ্ছেন না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কীর্তিনাশা বাজারের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি সেতু রয়েছে। ওই সেতুর প্রায় আধা কিলোমিটার পশ্চিমে কীর্তিনাশা খালের ওপর নতুন করে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন সেতুটির উত্তর দিকে কীর্তিনাশা জমিদারবাড়ি এবং দক্ষিণে তারপাশা গ্রামের ব্যক্তিমালিকানাধীন কিছু জমি ও ঘরবাড়ি রয়েছে।
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সেতুটির দৈর্ঘ্য হবে ৪৪ মিটার। আট কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির নির্মাণকাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহফুজ খান ট্রেডার্স।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেতুর জন্য তারপাশা গ্রামের মজিবুর রহমান, আবুল হোসেন, দুই ভাই মো. মোজাম্মেল হক ও মো. মোফাজ্জেল হোসেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেতুর মালামাল রাখতে ইতিমধ্যে মোজাম্মেল ও মোফাজ্জেলের বাগান থেকে কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া সেতুটির ঢাল ও সংযোগ সড়কের জন্য কয়েকটি পরিবার তাঁদের জমি ও গাছ হারাবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ইতিমধ্যে জেলা প্রশাসক, সওজ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অভিযোগ করলেও লাভ হচ্ছে না।
মোজাম্মেল ও মোফাজ্জেল বলেন, তাঁরা দুই ভাই ও পাঁচ বোন তারপাশা মৌজার ২১৪ নম্বর খতিয়ানের, ২৫৮ নম্বর দাগে ৬৬ শতাংশ জমির মালিক। ওই দাগের পশ্চিম দিকে চলাচলের জন্য সড়ক রয়েছে। সড়কটি নির্মাণের সময় বাড়ির জায়গা থেকে নারকেল, আমগাছসহ অন্য কিছু গাছ জোর করে কেটে ফেলা হয়। এখনো তাঁরা বিভিন্ন দপ্তরে ক্ষতিপূরণের জন্য ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু লাভ হচ্ছে না। এ ছাড়া সেতু নির্মাণের জন্য তাঁদের বাড়ির সামনে মালামাল রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আরও কিছু গাছ কাটার জন্য বলছেন। সেতু নির্মাণ, সেতুর সংযোগ সড়কের জন্য তাঁরা প্রায় ১৫ শতাংশ জমি হারাচ্ছেন। কিন্তু এ জায়গা সরকার অধিগ্রহণ করেনি। গাছ না কাটলে ওই প্রতিষ্ঠানের লোকজন নিজেরা কেটে ফেলার হুমকি দিচ্ছেন। তবে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহফুজ খান ট্রেডার্সের লোকজনের কাছে জানতে চাইলে তাঁরা কথা বলতে রাজি হয়নি।
মজিবুর ও আবুল হোসেন বলেন, ‘সড়ক ও সেতুর জন্য আমাদেরও কিছু জমি চলে যাবে। আমরা সবাই চাই, সেতু ও সড়কটি হোক। তবে আমরা আমাদের ক্ষতিপূরণও চাই।’
এ ব্যাপারে সওজ ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান বলেন, ‘এ ধরনের প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের নিয়ম থাকে না। তবে যেহেতু আরও অনেক জায়গা বাড়াতে হচ্ছে, তাই জমি অধিগ্রহণের বিষয়ে আলোচনা করছি।’