জমি অধিগ্রহণে জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের জন্য উপজেলার নাঠৈ গ্রামের এই জমি অধিগ্রহণ করার আগে টিনের বেড়া দিয়ে একটি প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে ছবি l প্রথম আলো
গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের জন্য উপজেলার নাঠৈ গ্রামের এই জমি অধিগ্রহণ করার আগে টিনের বেড়া দিয়ে একটি প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে ছবি l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলায় গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের জন্য তিন একর জমি অধিগ্রহণ-প্রক্রিয়ায় কোটি টাকা জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। জমিতে কোনো ফসল, গাছপালা, অবকাঠামো, কলকারখানা না থাকলেও ওই সব প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে এসব টাকা।
বরিশাল ভূমি অধিগ্রহণ শাখা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাঠৈ মৌজায় ওই ইনস্টিটিউট নির্মাণের প্রকল্প নেওয়া হয়। সে অনুযায়ী জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এ কার্যক্রম সম্পন্ন করে।
ভূমি অধিগ্রহণ শাখার অফিস সহকারী কমল হালদার জানান, গত বছরের অক্টোবরের দিকে জেএল ৬৭ নম্বর নাঠৈ মৌজার বিভিন্ন দাগে তিন একর জমি অধিগ্রহণ করা হয়। এতে জমি বাবদ ২ কোটি ২০ লাখ ১ হাজার ৮৬ টাকা, গাছ বাবদ ৬ লাখ ৫৪ হাজার ৯৪২ টাকা, অবকাঠামো বাবদ ২৭ লাখ ৩৪ হাজার ৯৬ টাকা ও শস্য ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ১ হাজার ২৫২ টাকা পরিশোধ করা হয়। ক্ষতিপূরণ হিসেবে জায়গার মালিক শামছুল হক, শাহ আলম, সালাম সরদার, এসাহাক ব্যাপারী, মুহিদ হোসেনসহ ১৪ জন এই টাকা পান। গত ফেব্রুয়ারি মাসে ওই টাকাগুলো তুলে নেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, অধিগ্রহণ করা জমিতে ইনস্টিটিউটের ভবন নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কহিনুর ট্রেডার্স। ওই জমিতে কোনো বাগান, শস্য ও অবকাঠামো নেই। আছে কয়েকটি কলাগাছ ও দুটি রেইনট্রির চারা। প্রতিষ্ঠান বলতে চালা-বেড়াবিহীন দুটি ঘর। সেখানে একটি করে সাইনবোর্ড রয়েছে মেসার্স ভাই ভাই মৎস্য খামার ও তানহা পোলট্রি খামার নামে।
নাঠৈ গ্রামের বাসিন্দা সৈয়দ নজরুল ইসলাম, পশ্চিম শাওড়া গ্রামের আনোয়ার হোসেন খানসহ কয়েকজন অভিযোগ করেন, দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। একেকটি কলাগাছের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার টাকা। আর একেকটি কচুগাছের দাম দেওয়া হয়েছে ১০ হাজার টাকা।
ভূমি অধিগ্রহণ শাখা কার্যালয় সূত্রে আরও জানা যায়, গ্রামের সালাম সরদার গাছপালা বাবদ ১ লাখ ৫০ হাজার ৩৫৬ টাকা তুলেছেন। কিন্তু তাঁর জমিতে কোনো বাগান নেই। এ ছাড়া তিনি শিল্প ক্যাটাগরিতে জমির ক্ষতিপূরণ ও তাঁর ছেলে রফিকুল ইসলামের নামে ভাই ভাই মৎস্য খামারের জন্য ৭০ লাখ টাকা পান। আরেক ছেলে আরিফুল ইসলাম তানহা পোলট্রির নামে ৮৩ লাখ টাকা ক্ষতিপূরণ পান। এমনিভাবে কামরুল হক সরদার ১৯ লাখ ৮৩ হাজার, শাহ আলম ৭ লাখ, এসাহাক ব্যাপারী ১১ লাখ, মুহীদ হোসেন ৮ লাখসহ অন্যরা ক্ষতিপূরণ নেন।
অভিযোগের ব্যাপারে সালাম সরদারের কাছে জানতে চাইলে তিনি অসুস্থ দাবি করেন। তাঁর ছেলে ভাই ভাই মৎস্য খামারের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, ‘বাড়তি সুবিধা নেওয়ার জন্য সাইনবোর্ড টাঙানো হয়নি। একটি বিশেষ মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
অভিযোগ অস্বীকার করে পোলট্রি খামারের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের ৯৭ শতাংশ জমি হুকুমদখল করা হয়েছে। আমরা ৬৩ শতাংশের টাকা পেয়েছি। আমাদের বাড়তি কোনো সুবিধা দেওয়া হয়নি।’ একইভাবে অন্যরাও মিথ্যার আশ্রয় নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার সহিদুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে অনেকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
বরিশাল আরডিসি ও ভূমি অধিগ্রহণ শাখার এলএও সফিউল্লাহ বলেন, তিনি যোগদানের অনেক আগেই বিষয়টির সব কার্যক্রম শেষ হয়েছে। তাই বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন।