
সরকার জমি অধিগ্রহণ করবে—এমন খবরে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার কেরানীগঞ্জ ও সাভারের কিছু এলাকা। প্রতিবাদ জানাতে গতকাল সোমবার কয়েক হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
তবে রাজউক বলছে, স্থানীয় জনসাধারণের বাড়িঘর অধিগ্রহণ করে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে না। এ লক্ষ্যেই তারা সমীক্ষা যাচাইয়ের কাজ করছে।
গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কেরানীগঞ্জের ঘাটারচর এলাকার তৃতীয় বুড়িগঙ্গা সেতু বছিলা থেকে কলাতিয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে নানা বয়সী নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করেন। বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেয়। এ সময় লোকজনকে বিভিন্ন প্রতিবাদী বক্তব্য লেখা ব্যানার-প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। কথিত জমি অধিগ্রহণের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ মানুষ।
স্থানীয় একাধিক জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রী ও সাংসদদের আবাসনের সুবিধার্থে সম্প্রতি রাজউক ‘কেরানীগঞ্জ মডেল টাউন’ প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের অধীন রয়েছে কেরানীগঞ্জের দুই ইউনিয়ন তারানগর ও কলাতিয়া এবং সাভারের ভাকুর্তা। এই তিন ইউনিয়নের ১৬টি মৌজায় দুই হাজার ২৮৭ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১৬টি মৌজা হচ্ছে আহাদিপুর, বাড়ৈকান্দি, বাড়িলগাঁও, বেউতা, দক্ষিণ বাহেরচর, দেওলী, কাশারিয়া, নাজিরপুর, উত্তর বাহেরচর, তারানগর, ছাগলকান্দি, মুন্সিনোদ্দা, চুনারচর, তুরাগ, পাঁচুলী ও ভাকুর্তা। এ নিয়ে গত সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। এর প্রতিবাদে গতকাল সকাল থেকে কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
মানববন্ধন চলাকালে কথা হয় তারানগর ইউনিয়নের কলমারচর গ্রামের বাসিন্দা ৯০ বছরের বৃদ্ধ আবদুল হাকিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাপ-দাদার ৪৫ শতাংশ জমি। ১০ শতাংশের ওপর টিনশেডের ঘর বানিয়ে বসবাস করছি। আর বাকি ৩৫ শতাংশে ফসল ফলাই। এখন যদি সরকার এগুলো নিয়ে নেয়, তাহলে আমরা কই যাব?’
ভাকুর্তা গ্রামের গৃহবধূ মিনারা বেগম বলেন, ‘আমার স্বামী তিন বছর আগে মারা গেছেন। তাঁর দেওয়া দুই পাখি (২৬ শতাংশে এক পাখি) জমিতে আমরা ফসল ফলাই। আর আধা পাখি জমিতে ছয় সন্তান নিয়ে ৩০ বছর ধরে বসবাস করছি। এখন যদি সরকার আমাদের জমি অধিগ্রহণ করে, তাহলে আমাদের মরণ ছাড়া কোনো পথ থাকবে না।’
কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনির হোসেন বলেন, ‘আমাদের বাপ-দাদার সম্পত্তি রাজউক অধিগ্রহণ করতে চায় বলে শুনেছি। আমরা আমাদের পৈতৃক জমি দেব না।’
একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় স্থানীয় জনগণ সভা-সমাবেশ ও মানববন্ধন করছেন উল্লেখ করে গতকাল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কেরানীগঞ্জে একটি পরিকল্পিত আবাসন প্রকল্প গ্রহণের বিষয়ে প্রাথমিকভাবে সমীক্ষা যাচাই চলছে। প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে কোনো বাড়িঘর কিংবা স্থাপনা যেন অধিগ্রহণের আওতায় না পড়ে, সে লক্ষ্যেই কেবল বসতিহীন জায়গাতে প্রকল্প গ্রহণ করা হবে এবং তারই সমীক্ষা যাচাই চলছে। ওই এলাকায় প্রকল্প বাস্তবায়িত হলে রাস্তাঘাটসহ নাগরিক সুবিধা বাড়বে; যার সুফল এলাকাবাসীই পাবে। স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করেই রাজউক প্রকল্প এলাকা চূড়ান্ত করবে।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, জেলখানা, বিসিক শিল্পনগরী, বিসিএস আবাসন প্রকল্প, রাজউকের ঝিলমিল প্রকল্পসহ বিভিন্ন সরকারি কাজে ইতিমধ্যে কেরানীগঞ্জে জমি অধিগ্রহণ করেছে সরকার। এতে কেরানীগঞ্জের ভূমি কমে যাচ্ছে। কমে যাচ্ছে কৃষিজমি। সরকার যদি ফের জমি অধিগ্রহণ করে, তাহলে স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হবে। জনগণের দাবি সরকারকে বিবেচনা করার জন্য অনুরোধ করা হবে।