জমি ইজারা নিয়ে জটিলতা মন্দিরে পূজা-অর্চনায় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের রোয়াইল গ্রামে অর্পিত সম্পত্তিতে স্থাপিত ২০০ বছরের পুরোনো কালীমন্দিরে পূজা-অর্চনা করতে পারছেন না ভক্তরা। জালাল উদ্দিন নামের এক ব্যক্তি ইজারা সূত্রে ওই জমির ভোগদখলদার দাবি করে তাঁদের মন্দিরে যেতে বাধা দিচ্ছেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২০০ বছর আগে রোয়াইল গ্রামের অমর রায় তাঁর বাড়িতে কালীমন্দির প্রতিষ্ঠা করেন। এর পর থেকে ওই মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা হয়ে আসছে। সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ফেলে ১৯৪৭ সালে অমর রায় পরিবার নিয়ে ভারতে চলে যান। এর পরও ওই মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা হচ্ছিল।
স্থানীয় অনেকে জানান, অমর রায় ভারতে চলে যাওয়ার পর তাঁর সম্পত্তি অর্পিত হিসেবে তালিকাভুক্ত হয়। ওই গ্রামের মানিক লাল সরকার ১৯৭২ সালে মন্দিরের স্বার্থে সেখান থেকে প্রায় দুই একর জমি নিজের নামে ইজারা নেন। ওই জমির আয় থেকে তিনি মন্দির পরিচালনা করতেন। আশির দশকে তিনি ভারতে চলে গেলে ওই জমি পূজারিদের কেউ আর নতুন করে ইজারা নেননি। এই সুযোগে স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন সেখান থেকে এক একরের বেশি জমি তাঁর নামে ইজারা নেন। তিনি বিষয়টি এত দিন গোপন রাখলেও এক সপ্তাহ ধরে স্থানীয় ভক্তদের মন্দিরে যেতে বাধা দিচ্ছেন।
জানতে চাইলে জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে কোনো পূজা-অর্চনা হয় না। এ কারণে ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে তিনি মন্দির ও সংলগ্ন এক একরের বেশি জমি এক বছরের জন্য ইজারা নিয়েছেন। সপ্তাহ খানেক আগে হিন্দু সম্প্রদায়ের লোকজন রাতের আঁধারে ওই মন্দিরে কালীমূর্তি রেখে জমি দখলের পাঁয়তারা করছেন।
রোয়াইল গ্রামের কালীপদ ঘোষ বলেন, নিয়মিত পূজা-অর্চনার পাশাপাশি মন্দিরে প্রতিবছর বড় করে কালীপূজা হয়। ১৫ দিন আগেও ওই মন্দিরে কালীপূজা হয়েছে। সেই মূর্তিই মন্দিরে রয়েছে। রাতের আঁধারে কোনো মূর্তি মন্দিরে রাখা হয়নি। কালীমূর্তি নিয়ে এ ধরনের প্রহসন করার সাহস হিন্দু সম্প্রদায়ের কারও নেই।
গোপাল ঘোষ বলেন, ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার ১১ নভেম্বর তাঁদের ডেকে নিয়ে মন্দিরে যেতে নিষেধ করে দিয়েছেন। এর পর থেকেই জালাল উদ্দিন তাঁদের মন্দিরে পূজা-অর্চনা করতে দিচ্ছেন না। কোনো পূজারি মন্দিরে গেলেই তাঁকে মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে ভয়ে মন্দিরের নিয়মিত পূজা বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কয়েক বার ফোন করলেও তিনি ধরেননি।
ইউএনও এস এম রফিকুল ইসলাম বলেন, সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।