রাজশাহীর বাগমারায় একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নামে জমি নিবন্ধন করে নিয়ে একজন জাল সনদধারীকে উচ্চবিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে পৃথক ছয়টি তদন্তে এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ভুয়া শিক্ষকসহ তিনজনকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতা হলেন উপজেলার গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইনছান আলী। তিনি বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি। এ ছাড়া কমিটির অভিভাবক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, অভিভাবক সদস্য ও আওয়ামী লীগের কর্মী আবু সালেক ও জয়নাল আবেদিন জড়িত বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ উচ্চবিদ্যালয়ে ২০১১ সালে সমাজবিজ্ঞান বিষয়ে নাসির উদ্দিন, কৃষিশিক্ষায় সুলতানা পারভীন, কাব্যতীর্থে (হিন্দু ধর্মশিক্ষা) শিউলী রানী ও সহকারী গ্রন্থাগারিক পদে রশিদা খাতুনকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে রশিদা খাতুন ছাড়া বাকি তিনজনই ভুয়া নিবন্ধন সনদ দিয়ে চাকরি নিয়েছেন। আর তাঁদের জাল সনদে নিয়োগে সহযোগিতা করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইনছান আলী।
এ ঘটনায় জেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় ও শিক্ষা বোর্ড পৃথক ছয়টি তদন্ত করে। এসব তদন্তে জাল সনদের বিষয়টি ধরা পড়ে এবং নিয়োগ পাওয়া তিনজনকে চাকরিচ্যুতির নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাঁদের কাউকেই গতকাল মঙ্গলবার পর্যন্ত চাকরিচ্যুত করা হয়নি।
অনুসন্ধানে জানা যায়, জাল সনদধারীদের মধ্যে কৃষিশিক্ষার শিক্ষক সুলতানা পারভীনের কাছ থেকে এক লাখ টাকা অনুদান ছাড়াও এক শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। নিয়োগের পরই সুলতানা পারভীনের শ্বশুর আবদুল করিম ও চাচাশ্বশুর কোহিনুর মৃধার কাছ থেকে মোহনগঞ্জ মৌজায় মাটিয়াল প্রকৃতির জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়। বলা হয়, সেখানে গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় করা হবে।
কিন্তু গতকাল বিকেলে মোহনগঞ্জে গিয়ে প্রধানমন্ত্রীর নামে রেজিস্ট্রি করে নেওয়া জমিতে দলীয় কার্যালয়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওই জমিতে হাঁটুসমান পানি। সেখানে দলীয় কার্যালয় হওয়ার বিষয়টি স্থানীয় নেতা-কর্মীরাও জানেন না। তাঁরা সাংবাদিকদের কাছেই বিষয়টি প্রথম শুনেছেন বলে জানান।
মোহনগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইনছান আলী টাকা ও জমি নিয়ে জাল সনদধারীদের চাকরি দিয়েছেন। তিনি নিজের দুর্নীতি ঢাকতে প্রধানমন্ত্রীকে ব্যবহার করেছেন। একই অভিযোগ করেন গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামও।
এসব ব্যাপারে জানতে গতকাল ইনছান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রধানমন্ত্রীর নামে জমি রেজিস্ট্রি করে নেওয়া ও জাল সনদে চাকরি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘এটা সবাই জানে।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের স্বার্থে মোজাম্মেল হক অফিস করার জন্য জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। তিনজনকে চাকরিচ্যুত না করার বিষয়ে তিনি বলেন, ‘সময় হলে সব করা হবে।’
গণিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর পক্ষে গ্রহীতা হিসেবে দলিলে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর নামে জমি লিখে নিয়ে সুলতানা পারভীনকে চাকরি দেওয়া হয়েছে কি না প্রশ্নে তিনি গতকাল বলেন, ‘সভাপতির ছেলে আমাকে ডেকে নিয়ে দলিলে স্বাক্ষর করে নিয়েছেন।’ তিনিও কমিটিতে থাকায় এর দায়িত্ব এড়াতে পারেন কি না প্রশ্নে তাঁর জবাব, ‘আমি অসুস্থ। আর কিছু বলতে পারব না।’
জমি দিয়ে চাকরি নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সুলতানা পারভীন। তবে এর আগে একটি জাতীয় দৈনিকে জমি দিয়ে চাকরি নেওয়ার কথা স্বীকার করেন তিনি। সেখানে তিনি বলেন, তাঁকে নিয়োগ দিতে দুই লাখ টাকা দাবি করা হয়েছিল। এক লাখ টাকা নগদ দিলেও পরে অবশিষ্ট টাকার জন্য প্রধানমন্ত্রীর নামে তাঁর শ্বশুর জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
তবে জমিদাতা আবদুল করিম ও কোহিনুর মৃধা গতকাল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শারমিন ফেরদৌস চৌধুরী বলেন, প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়নি। তাই এটার তদন্ত তিনি করবেন না। তারপরও বিষয়টি খতিয়ে দেখবেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধানমন্ত্রীর নামে জমি রেজিস্ট্রি করে নেওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এলাকায় গিয়ে প্রাথমিক তদন্তে এর প্রমাণও মিলেছে।