জমি দখল করতে গিয়ে বাড়ি ভাঙচুর
ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার জন্য বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি টিনের ঘর কুপিয়ে তছনছ ও ঘরের ভেতরের আসবাবসহ অন্যান্য মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়।
হামলায় ছয় নারীসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার ভোর চারটার দিকে এই হামলা হয়।
হামলার খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল, তাঁর মা ছাহেরা বেগম, তাঁদের সহযোগী আবু ছালেহ, নজরুল ইসলাম ও শারমিন আক্তার নামে পাঁচজনকে আটক করে।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সাহেরা বেগম, শারমিন আক্তার, কবিতা, তাসলিমা বেগম, সৈয়দ মান্নান, সালেহা বেগম ও আম্বিয়া বেগম।
থানা-পুলিশ সূত্র জানায়, রোববার ভোর চারটার দিকে উপজেলা সদরের ডিগ্রি কলেজের পশ্চিম পাশে ফারুক শিকদারের বাড়িতে হামলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে আটক করে।
তবে ছাত্রলীগ নেতা আহসান হাবিব গতকাল দুপুরে রাজাপুর থানায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমরা ওই হামলার সঙ্গে জড়িত নই। পুলিশ আমাদের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে এসেছে।’
আহত সাহেরা বেগম জানান, গতকাল রোববার ভোর চারটার দিকে তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় ৫০-৬০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র, লাঠি ও রড নিয়ে তাঁদের বসতঘরে হামলা চালায়। প্রথমেই তারা ঘরের দরজা, টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভেঙে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ ও লুটপাট চালায়। কিছু হামলাকারী মুখোশ পরা ছিল। হামলাকারীরা একপর্যায়ে তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। ছাত্রলীগ নেতা আহসান হাবিবের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে তিনি জানান।
সাহেরা বেগম আরও জানান, তাঁর স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় থাকেন। তিন সন্তানের মা সাহেরা অভিযোগ করে বলেন, বাড়িতে থাকতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতা আহসান হাবিব। বাড়ির বৈধ মালিক হওয়ায় তাঁরা আহসান হাবিবকে কোনো চাঁদা দেননি বলে এই হামলা চালানো হয়।
রাজাপুর ডিগ্রি কলেজ এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, আহসান হাবিবের বাবা তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন লোকের জমিতে নিজের মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে অর্থ দাবি করে আসছেন। দাবি করা অর্থ না পেলে এই রকম ঝামেলা করেন। এর আগেও এ রকম কয়েকজনের বাড়িতে এ ধরনের ঝামেলা করেছেন তাঁরা। এসব অভিযোগে তাঁর (তোফাজ্জল) ও ছেলে আহসান হাবিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে ঘটনার পর গতকাল সকালে রাজাপুর-কাঠালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোজাম্মেল হোসেন, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গীয়াস, পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশি পাহারা রয়েছে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ গতকাল দুপুরে বলেন, ফারুক শিকদারের মৌখিক অভিযোগের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে ডিগ্রি কলেজ এলাকার তাঁর বাড়ি থেকে এদের আটক করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
হারুন অর রশীদ জানান, ছাত্রলীগ নেতা আহসান হাবিবের বিরুদ্ধে রাজাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বাবা তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে জমি দখল, হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।