জমি দখল করতে গিয়ে সংঘর্ষ, আহত ২০
ভোলা সদর উপজেলার চরসামাইয়্যা ইউনিয়নে জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার চরকালী গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরকালি গ্রামের দেওয়ান বাড়ি ও কাজী বাড়ির লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বেলা ১১টার দিকে আবদুর রহমান কাজীর নেতৃত্বে তাঁর লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে দেওয়ান বাড়ির জমি দখল করে ঘর তোলে। এ সময় ঘরে ছাউনি দিতে গেলে দেওয়ান বাড়ির লোকজন বাধা দেন। এতে দুই পক্ষই লাঠি, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দেওয়ান বাড়ি ও কাজী বাড়ির কয়েকজন সদস্যসহ ২০ জন আহত হন।
দেওয়ান বাড়ির পক্ষের নাজিম উদ্দিন দেওয়ান বলেন, ‘এক একর ১৬ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছে। এটি আমাদের পৈতৃক জমি। আদালতে আমরা বারবার রায় পেলেও কাজী বাড়ির লোকজন আপিল করেছে। হার নিশ্চিত জেনে তারা মঙ্গলবার জমি দখল করতে গিয়েছিল।’
কাজী বাড়ির পক্ষে আবদুর রহমান কাজী বলেন, তাঁদের কেনা জমি দেওয়ান বাড়ির লোকজন জোরজবরদস্তি করে ভোগদখল করে আছে। এ জন্য নিজের জমিতে ঘর তুলতে গেলে দেওয়ান বাড়ির লোকজন তাঁদের পিটিয়ে-কুপিয়ে জখম করেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষকে থানায় এজাহার দিতে বলা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ তা জমা দেয়নি।