জমি দখল করতে সাঁওতালদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও তাঁর স্বজনদের বিরুদ্ধে সাঁওতাল সম্প্রদায়ের জমি দখলের জন্য হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি আদালতে মামলা করেছে।
জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ওই সাঁওতাল পরিবারের বসতভিটা। গত শুক্রবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, বসতির পাশে একটি পুকুর। পুকুরের পাশে বাঁশঝাড়ের সামনে ফাঁকা জমি। বাঁশঝাড়ের নিচে সারিবদ্ধ কয়েকটি কবর। জমির এক কোণে টিনের ছাউনির ঘর। সাঁওতাল সম্প্রদায়ের কয়েকজন পুরুষ সদস্য বাঁশ দিয়ে বেড়া তৈরিতে ব্যস্ত। তাঁদের সাহায্য করছে নারী ও শিশুরা। কথা হয় মার্টিনা হাজদার সঙ্গে। তিনি বলেন, গত মাসের শেষের দিকে তিনি বাড়ির পাশের পৈতৃক জমির ওপর টিনের চালা নির্মাণ করছিলেন। তখন জগন্নাথপুর ইউপির চেয়ারম্যান মো. আলাউদ্দিন, তাঁর তিন আত্মীয় মো. মোতাল্লেব, আবুল বাসার ও মো. কাউসার এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রায়হানসহ কয়েকজন এসে বাধা দেন। চেয়ারম্যান দাবি করেন, তিনি এখানকার ৫৫ শতক জমি মার্টিনা হাজদার বাবার কাছ থেকে কিনেছেন। এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেন তাঁরা। তবে জমির মালিকানার বিষয়ে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ ঘটনার পর গত ২৮ ফেব্রুয়ারি মার্টিনা হাজদার ভগ্নিপতি সমু মুরমু ভয়ভীতি দেখানো, হুমকি ও হামলার অভিযোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মো. রায়হান ও আবুল বাসারের নামে মামলা করেন। এ ছাড়া ৯ মার্চ ঠাকুরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন মার্টিনা হাজদা। এরপরও ভয়ভীতি ও হুমকি দেওয়া বন্ধ হয়নি বলে অভিযোগ করেন মার্টিনা হাজদা। তিনি বলেন, ‘আমাদের পক্ষে যাঁরা কথা বলেছেন, চেয়ারম্যানের লোকজন তাঁদেরও হুমকি দিচ্ছে।’
মার্টিনা হাজদার বোনের স্বামী সমু মুরমু বলেন, ‘কয়েক দিন আগে জমি নিয়ে কথা বলতে গেলে চেয়ারম্যানের লোকজন গৌরীপুরের গেন্দানাথ নামের এক ব্যক্তিকে মারধর করেছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
মার্টিনা হাজদার মেয়ে পাউলিনা কিসকু (১২) দৌলতপুর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। চেয়ারম্যান ও তাঁর লোকজনের ভয়ভীতি প্রদর্শনের পর সে কয়েক দিন স্কুলে যায়নি। পাউলিনা এখন শঙ্কা নিয়েই স্কুলে যেতে শুরু করেছে। পাউলিনা বলে, ‘স্কুলে যাওয়ার সময় খুব ভয় হয়। তাই স্কুল শুরু ও ছুটির সময় সব সময় আমার সঙ্গে পরিবারের বড়রা যায়।’
মার্টিনা হাজদার চাচাতো ভাই রবি হাজদা (৩৬) বলেন, ২০০৬ সালে ২০ হাজার টাকার বিনিময়ে ১০ বছরের জন্য ২৮ শতক জমি গ্রামের মো. হারুনের কাছে তিনি বন্ধক রেখেছিলেন। বন্ধকের মেয়াদ ফুরিয়ে গেলে হারুন বলেন তিনি জমি কিনে নিয়েছেন। কয়েক দিন আগে সেই জমি ফেরত চেয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছি। এখনো কোনো সুরাহা হয়নি।
জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সূর্য মুরমু বলেন, জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ির ওই এলাকায় (দৌলতপুর) ৪০টি সাঁওতাল পরিবার বসবাস করত। এখন টিকে আছে মাত্র ১২ পরিবার। বাকিরা স্থানীয় জমি দখলদারদের অত্যাচারে জমি হারিয়ে অন্য জায়গায় চলে গেছে।
এ বিষয়ে চেয়ারম্যান মো. আলাউদ্দিন মুঠোফোনে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত জমিতে ঘর তোলা বন্ধ রাখতে সাঁওতাল পরিবারের লোকজনকে অনুরোধ করেছিলাম। তাঁর বিরুদ্ধে সাঁওতালদের জমি দখল, নির্যাতন বা হুমকি দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের একটি অভিযোগ পেয়েছি। যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটনাতে না পারেন, সে জন্য ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।’