জমি দখল করে চাষাবাদ করছেন আ.লীগ নেতা
ঝিনাইদহের কালীগঞ্জে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের ছয় বিঘা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের স্থানীয় নেতা শফিয়ার রহমানের বিরুদ্ধে। উপজেলার পিরোজপুর গ্রামের দখল করা ওই জমিতে এখন মসুরের চাষ করা হচ্ছে। জমির মালিক রণজিৎ তরফদার জমিতে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামের রণজিৎ তরফদার বলেন, তিনি স্থানীয় একটি স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষকতা করতেন। ইতিমধ্যে অবসর নিয়েছেন। পিরোজপুর গ্রামের মাঠে তাঁর বেশ কিছু জমি আছে। এর মধ্যে পিরোজপুর বটতলা থেকে গ্রামে ঢোকার মুখে আছে ছয় বিঘা জমি। যার তিন বিঘা নিজে শ্রমিক দিয়ে চাষাবাদ করতেন, আর বাকি তিন বিঘা বর্গা দিতেন। পিরোজপুর গ্রামের শরিফুল ইসলাম ছিলেন বর্গাচাষি। যে তিন বিঘা বর্গা দিতেন সেখান থেকে তিনি বছরে ৩০ হাজার টাকা পেতেন।
সরেজমিনে দেখা যায়, ওই ছয় বিঘা জমি এক ব্যক্তি চাষ করছেন। সেখানে মসুরের আবাদ করা হয়েছে।
রণজিৎ তরফদার অভিযোগ করেন, বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য শফিয়ার রহমান এক মাস আগে জোর করে তাঁর জমি চাষ করেন। কারণ জানতে চাইলে ফসল ওঠার পর কিছু টাকা দেবেন বলে জানান শফিয়ার।
এভাবে জমি দখল করা ঠিক হচ্ছে না বলে জানালে তিনি বলেন, রণজিৎ জমিটা বিএনপির কর্মীদের দিয়ে খাওয়াচ্ছেন। এখন তাঁর দল ক্ষমতায় রয়েছে। ফলে জমি তাঁর দখলে থাকবে।
এ ব্যাপরে শফিয়ার রহমান বলেন, জমিটি তাঁর বাড়ির পাশে। কিন্তু রণজিৎ তরফদার সেটি দূরের এক বিএনপির কর্মীকে বর্গা দেন। তিনি নিজে বর্গা নিতে চেয়েছিলেন। কিন্তু জমির মালিক দিতে চাননি। যে কারণে তিনি চাষ করেছেন। মৌসুম শেষে জমির মালিককে টাকা দিয়ে দেবেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা জানান, বিষয়টি তাঁকে কেউ অবহিত করেননি। তিনি বিষয়টির খোঁজ নেবেন বলে জানান।