জমি দখল করে পৌরসভার মার্কেট নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় জমি দখল করে পৌরসভা বিপণিবিতান (মার্কেট) নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। জমিটির মালিকানা দাবিদার একটি পরিবারের সদস্যরা গতকাল রোববার সেখানে অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গাংনী পৌরসভার বাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় মেহেরপুর জেলা পরিষদ কয়েক বছর আগে টিনের ছাউনির একটি বড় ঘর তৈরি করে। সেখানে গাংনী পৌরসভার আওতাধীন ছোট কয়েকটি দোকান ছিল। সম্প্রতি পৌরসভা ওই টিনশেড ভেঙে বিপণিবিতান নির্মাণ শুরু করে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম রেজা বলেন, গত ১২ জানুয়ারি পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়। ৯ ফেব্রুয়ারি শহিদুল ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে সেখানে একতলাবিশিষ্ট ১৭টি ঘর নির্মাণ করা হবে। গত বৃহস্পতিবার সকাল থেকে কাজ শুরু করেন ঠিকাদার।
তখন থেকেই পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে গাংনী উত্তরপাড়ার বাসিন্দা মৃত আজিম উদ্দীনের পরিবারের উত্তেজনা চলে আসছে। গতকাল সকালে আজিম উদ্দীনের সাত ছেলেসহ পরিবারের অন্যরা ওই জমিতে গিয়ে নির্মাণকাজে বাধা দেন।
পরিবারটির দাবি, বাংলা ১৩৪২ সনে জমিটি বন্দোবস্ত নিয়ে তারা স্বত্ববান ও দখলি হয়। কিন্তু এসএ রেকর্ডে ভুলক্রমে সেটি সরকারের নামে রেকর্ড হয়। এর বিরুদ্ধে আদালতে মামলা করে তারা ডিক্রিপ্রাপ্ত হয়। পরে সরকারপক্ষ মামলা করলেও তা নাকচ হয়ে গেছে। বর্তমানে হাইকোর্টে মামলা চলছে। এরপরও পৌর কর্তৃপক্ষ জোর করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত মাহফুজা খাতুন (আজিম উদ্দীনের ছেলে হাসানুজ্জামানের স্ত্রী) বলেন, ‘জীবন গেলেও জমি ছাড়ব না। হয় জমি না হয় জীবন।’
বাগ্বিতণ্ডা-উত্তেজনা
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজিম উদ্দীনের পরিবারের বাধায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামের লোকজনের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর মেয়র ঘটনাস্থলে এলে তাঁর সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কিছুক্ষণ পর মেয়র ঘটনাস্থল ত্যাগ করেন। নির্মাণকাজ আর শুরু হয়নি।
পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম মুঠোফোনে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, পৌরসভার জন্ম থেকে ওই এলাকার বাজার ইজারা দিয়ে আসছে পৌরসভা। মালিকানা দাবিদার পরিবারটি যে মামলা করেছে, সেটি এখনো চলছে। তা ছাড়া সেখানে পৌরসভা বিপণিবিতান বানাতে পারবে না, আদালত থেকে এমন নিষেধাজ্ঞাও নেই।
ঝুঁকিতে পাশের ভবন
এদিকে ওই বিপণিবিতানের জন্য মাটি কাটায় পাশের তিনতলা ভবনটি ঝুঁকিতে পড়েছে। গতকাল সকালে ওই ভবনের নিচতলার একটি দোকানের দেয়াল ধসে পড়ে। দোকানটি স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বলেন, তিনি ভবনটি ভেঙে পড়ার আতঙ্কে রয়েছেন।