জমি দখল করে বন বিভাগের খাল খনন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম গোলাখালীতে জায়গা দখল করে বন বিভাগ অপরিকল্পিতভাবে খাল খনন ও বাঁধ নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, নদীবেষ্টিত এ গ্রামের একদিকে সুন্দরবন ও উত্তরে ধ্বজিখালী নদী, দক্ষিণ ও পশ্চিমে মাদার নদী। ৯০০ বিঘা আয়তনের এ দ্বীপ গ্রামের ৮৮টি পরিবারের লোকসংখ্যা সাত শতাধিক। এখানকার অধিকাংশ পরিবারের সদস্যরা চিংড়িঘেরের কাজ বা সুন্দরবনের সম্পদ আহরণের ওপর নির্ভরশীল।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার কৈখালী স্টেশন সূত্র জানায়, ইউরোপিয়ান ইউনিয়নের সুন্দরবন উন্নয়ন ও বিকল্প সম্পদের সমন্বিতকরণ (সুন্দরী) প্রকল্পের আওতায় প্রায় এক কিলোমিটার বাঁধ নির্মাণ ও খাল খননের কাজ চলছে। বন বিভাগের সহযোগিতায় এ কাজ বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা সুশীলন।
সরেজমিনে দেখা যায়, গোলাখালী গ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া এক কিলোমিটার দৈর্ঘ্যের খালের প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। পুরোনো খাল খনন না করে এর পাশ দিয়ে গ্রামবাসীর তৈরি বাঁধ কেটে নতুন করে এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ এবং খাল খনন করা হচ্ছে।
গোলাখালী গ্রামের জমির মালিক প্রিয়তোষ বিশ্বাস ও সফিকুল ইসলাম অভিযোগ করেন, পুরাতন খাল খনন না করে বন বিভাগ ব্যক্তিমালিকাধীন জমির ভেতর প্রস্থে ৫০ থেকে ১০০ ফুট ঢুকে গেছে। এভাবে তারা দৈর্ঘ্যে প্রায় আধা কিলোমিটার জমি দখল করে বাঁধ ও খাল নির্মাণ করছে। আবেদন করার পরও কাজ বন্ধ না করায় গ্রামবাসীর পক্ষে সন্তোষ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, তারাপদ ঘোষসহ পাঁচজন দেওয়ানি আদালতে মামলা করেন। ১১ নভেম্বর আদালত বন বিভাগ, জেলা প্রশাসক ও সুশীলনকে কারণ দর্শাও নোটিশ দেন। নোটিশ পাওয়ার পর ১২ নভেম্বর থেকে কাজ বন্ধ রয়েছে।
গ্রামবাসী বলছে, অপরিকল্পিত বাঁধ ও খাল খননের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যেকোনো সময় মাদার নদীর পানি জোয়ারের সময় গ্রামে ঢুকে সাড়ে ৮০০ বিঘার চিংড়ি ঘের ও ৮৮টি পরিবারের বসতবাড়ি ডুবে যেতে পারে।
সুশীলন সংস্থার সুন্দরী প্রকল্পের সমন্বয়কারী সফুরা খাতুন বলেন, বন বিভাগের দেখিয়ে দেওয়া জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।