জমি দখল করে বিপণিবিতান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর বাজারে গত শুক্রবার রাতে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির জমি দখল করে বিপণিবিতান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মাদবপুর গ্রামের সুভাষ ন্যায়পতির সঙ্গে ফারুক হোসেন সিকদারের মাদবপুর বাজার এলাকার ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রথম দফায় গত ১৭ জুন ওই জমির প্রায় ৬ শতাংশ মো. ফারুক হোসেন দখল করে সেখানে বিপণিবিতান নির্মাণের কাজ শুরু করেন। ওই দিন সুভাষ এ বিষয়ে বাউফল থানায় লিখিত অভিযোগ দেন। এরপর পুলিশ গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিলেও থেমে থেমে নির্মাণকাজ অব্যাহত রাখেন ফারুক। সর্বশেষ শুক্রবার রাতে ফারুক ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে বিপুলসংখ্যক শ্রমিক নিয়োগ করে নির্মাণাধীন বিপণিবিতানের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করেন।
সুভাষ অভিযোগ করেন, নির্মাণকাজে বাধা দিতে গেলে ফারুক হোসেন তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে ভারতে চলে যেতে বলেন। বিষয়টি ওই রাতে বাউফল থানার পুলিশকে জানানো হলেও কোনো প্রকার সহযোগিতা করা হয়নি। তিনি আরও বলেন, তাঁর বাকি ৯ শতাংশ জমিও ফারুক হোসেন দখল করে নিয়েছেন। ফারুক হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও জমি দখল করেননি। নিজের সম্পত্তিতেই বিপণিবিতান নির্মাণ করছেন বলেও তিনি দাবি করেন। তবে রাতের আঁধারে কেন? এমন প্রশ্নের কোনো জবাব দেননি ফারুক হোসেন।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, এর আগে অভিযোগ পাওয়ার পর পুলিশ গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে শুক্রবার রাতে তাঁকে বিষয়টি জানানো হয়নি।