
রংপুরের তারাগঞ্জ উপজেলার কোরানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থান সংকটে ছাপরা তুলে চলছে পাঠদান। অথচ বিদ্যালয়ের ভবন নির্মাণের যাবতীয় উপকরণ এনে কয়েক মাস ধরে স্তূপ করে রাখা হয়েছে বিদ্যালয় মাঠে। শিক্ষাপ্রতিষ্ঠানটির এক শতক জমি স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রাখায় নতুন ভবনটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এই দখলের প্রতিবাদে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান শিক্ষক মাহমুদা বেগম অভিযোগ করেন, বিদ্যালয়ের নামে এক জায়গায় ৫৪, আরেক জায়গায় ২০ শতক জমি আছে। ৫৪ শতক জমি নিচু হওয়ায় সেখানে ধান চাষ করা হচ্ছে। আর ওই ২০ শতক জমির ওপর এক কক্ষের একটি আধা পাকা ঘর ও দুই কক্ষের একটি পাকা ভবন আছে। ওই ভবনের পাশেই নতুন ভবন নির্মাণের জায়গা আছে। কিন্তু যেখানে নতুন ভবন করা সম্ভব, সেখানে কোরানিপাড়া গ্রামের মোতালেব হোসেন এক শতক জমি অবৈধভাবে দখল করে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। এতে স্থানসংকটে নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না।
সরেজমিনে গত সোমবার সকাল ১০টায় দেখা যায়, ভবন নির্মাণের জন্য ইট, রড, পাথর আর বালু ফেলে রাখা হয়েছে বিদ্যালয় মাঠে। ওই ২০ শতক জমির এক শতক টিনের বেড়া দিয়ে ঘেরা। শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীরা টিনের চালায় মাটিতে বসে অতিকষ্টে ক্লাস করছে।
মাটিতে বসে ক্লাস করা শিশু শ্রেণির শিক্ষার্থী মনিরা খাতুন বলে, ‘মাটিত চটোত বসি লেখাপড়া করতে কষ্ট হয়। হাতের লেখাও বেঁকা-টেরা হয়ে যায়।’
একই শ্রেণির ছাত্রী মুন্নি আক্তার বলে, ‘রোদ উঠলে টিনের ছোট ঘরে গাও পোড়া যায়। বৃষ্টি হলে টিনের ছিদ্র দিয়া পানি পড়ে। বই-খাতা ভিজে যায়।’
প্রথম শ্রেণির শিক্ষার্থী আছমা খাতুন বলে, ‘হামার ভাঙা ক্লাস ঘরে বসে থাকতে ভয় নাগে। বাতাসে ঘর ঢোলে, ধুলা চোখে পড়ে। তখন ক্লাস কইরার পাই না।’
সহকারী শিক্ষক মুনিরা বেগম বলেন, বৃষ্টি এলে টিন চুইয়ে পানি পড়ে। রোদ উঠলে টিন থেকে আগুনের মতো গ্যাস বের হয়। ক্লাসে থাকা যায় না। শ্রেণিকক্ষের জরাজীর্ণ দশার কারণে শিক্ষার্থীদের ঠিকমতো লেখাপড়া করাতে পারছেন না শিক্ষকেরা।
প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, ‘বিদ্যালয়ের এক শতক জমি অবৈধভাবে দখল করে রাখায় জায়গার সংকটে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। কক্ষসংকটে শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের টিনের বেড়া দিয়ে ঘেরা চালায় ক্লাস করাতে হচ্ছে। বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
উপজেলা প্রকৌশলী আহাম্মেদ হায়দার বলেন, ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের মতো জায়গা নেই। যে এক শতক জমি ঘিরে রাখা হয়েছে, সেটুকু ছাড়া নতুন ভবন করা সমস্যা হবে।
এদিকে বিদ্যালয়ের জমি ঘিরে রাখা মোতালেব হোসেন বলেন, ‘মোর জমিত মুই বেড়া দিয়া ঘিরি থুছুন। ওমার সমস্যা কী? ঘর তুলার চাইলে মোক জমির দাম দেউক।’
উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার দূরে কোরানিপাড়া গ্রামে বিদ্যালয়টির অবস্থান। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ৩৯৩ জন শিক্ষার্থীর জন্য ২০ শতক জমির ওপর নির্মিত দুটি ভবনে তিনটি কক্ষ আছে। প্রয়োজনের তুলনায় শ্রেণিকক্ষ সংকট তীব্র হওয়ায় শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠে টিনের চালা তুলে মাটিতে ঠাসাঠাসি করে বসিয়ে পাঠদান করাতে হয়।
উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ নভেম্বর বিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য তিন কক্ষের একটি একতলা ভবন নির্মাণের জন্য ৭২ লাখ ৯১ হাজার ৪৬০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ভবনটির নির্মাণকাজ পায় নীলফামারী জেলার ছাইকি বিল্লাহ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও স্থান সংকটে এখনো ভবনটির নির্মাণকাজ শুরু হয়নি।
উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কেশব চন্দ্র বর্মণ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। গ্রামের লোকদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটিকে বলেছি।’ ইউএনও জিলুফা সুলতানা বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।