জমি দখল নিয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমার মামলায় হেরে যাওয়ায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের দিয়ে নাটোর শহরের রামাইগাছি মহল্লার মুস্তাকিম সিদ্দিকী নামের এক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, ওই ব্যবসায়ীর আধাপাকা টিনের ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে এবং গাছপালা কেটে নিয়ে গেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে আগামী শুক্রবার থানায় আসতে বলা হয়েছে। তাঁরা এলে কাগজপত্র দেখে স্থায়ী সমাধান দেওয়া হবে।
নাটোর থানা-পুলিশ সূত্রে জানা যায়, রামাইগাছি মহল্লার ব্যবসায়ী মুস্তাকিম সিদ্দিকী ১৯৯০ সালে মহল্লার অলকা খাতুনের কাছ থেকে সোয়া পাঁচ শতাংশ জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস করছেন। ইতিমধ্যে নিজ নামে তিনি জমির নামজারিও করেছেন। অলকা খাতুনের অন্য একজন ওয়ারিশের কাছ থেকে একই এলাকার মহর আলী ও আবদুল বাছেদ আলী একই দাগের আট শতক জমি কেনেন। পরে বাছেদ আলী তাঁর দলিলের বর্ণিত অংশ দখল না নিয়ে মুস্তাকিম সিদ্দিকীর বাড়ির জমি দখলের চেষ্টা করেন। এ ব্যাপারে নাটোর সদর সহকারী জজ আদালতে ২০০০ সালে একটি বাঁটোয়ারা মামলা হয়। ২০১১ সালে আদালত ওই মামলায় মুস্তাকিম সিদ্দিকীর পক্ষে রায় দেন এবং আদালতের কর্মচারীরা সরেজমিন এসে তাঁকে দখল বুঝিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবদুল বাছেদ মিয়া সোমবার দুপুরে ১৫-২০ জন দুর্বৃত্ত নিয়ে মুস্তাকিমের বাড়িতে হামলা করেন। তাঁরা জমিটি দখল করে নেন।
মুস্তাকিম সিদ্দিকী বলেন, হামলায় তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বাছেদ আলীকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাগনে ও আওয়ামী লীগের কর্মী সাহারাজ আলী বলেন, এ বিষয়ে বহুবার সালিস হয়েছে। সোমবার জমির সীমানা ঠিক করে দেওয়া হয়েছে। তবে তিনি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন।