জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১৩
সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। তাঁদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার গোবরদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, এক পক্ষের মুজিবর রহমান (৫০), তাঁর ছেলে আবু হাসান (২৮) ও আবু হোসাইন (২০) এবং আবু হাসানের স্ত্রী রইফুন্নেছা (২০), ভাই আজিজুর রহমান (৬০) ও আনিছুর রহমান (৫০) এবং আনিছুর রহমানের স্ত্রী হাজিরুন্নেছা (৪০), মেয়ে ফাতেমা খাতুন (১৩) এবং আরেক ভাইয়ের স্ত্রী নাজমা খাতুন (৩০), অন্যপক্ষের মিজানুর রহমান (৫০), তাঁর ভাই আনিমুর রহমান (৪৫) ও আজাহারুল ইসলাম (৩০), চাচা হাবিবুর রহমান (৭৫) ও ভাইপো সোহাগ হোসেন (১৬)।
জেলা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের মার্চ মাসে মুজিবর রহমান ও চাচা আজিজুর রহমান গ্রামের তবিবুর রহমানের কাছ থেকে আট শতক ধানের জমি কেনেন। তারপর থেকে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। আজ সকালে হঠাৎ করে তবিবুর রহমান ও তাঁর ভাই মিজানুর রহমানের নেতৃত্বে সাত-আটজন ওই জমিতে ধান রোপণ করতে যান। এতে বাধা দিলে তাঁরা হামলা চালান এবং একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় তাঁদের পরিবারের আটজন আহত হন এবং সবাইকে হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়।
অন্যদিকে, তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি জমি বিক্রি করেছেন আট শতক। কিন্তু মুজিবর রহমানের পরিবার তাঁদের ২১ শতক জমি দখল করে রেখেছেন। তাঁরা আজ নিজেদের জমিতে ধান রোপণ করতে গেলে মুজিবর রহমানের নেতৃত্বে ওই পরিবারের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এ ঘটনায় তাঁদের পরিবারের পাঁচ সদস্য আহত হন। সবাইকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই জমি মুজিবর রহমানের পরিবারের দখলে ছিল। ধান রোপণের জন্য তাঁরা কিছুদিন আগে ওই জমিতে চাষ দিয়েছেন। কিন্তু তবিবুর ও মিজানুর আজ সকালে লোকজন নিয়ে ওই জমিতে ধান রোপণ তরতে যান। এ সময় মুজিবরের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষ রড, দা ও লাঠি ব্যবহার করে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, আহতদের মধ্যে মুজিবর রহমান ও তাঁর ভাই আজিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, এ বিষয়ে বিকেল সোয়া চারটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।