জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আজ শনিবার সকালে বাড়ি ভিটার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শহিদার রহমান (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হাতীবান্ধার বাড়াইপাড়া গ্রামে একটি ভিটা জমি নিয়ে নজরুল ইসলাম ও আবদুর রহিম নামের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ওই ভিটায় বর্তমানে নজরুল সপরিবারে থাকেন। আজ সকাল নয়টার দিকে আবদুর রহিমসহ কয়েকজন ওই বাড়ি ভিটার জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আবদুর রহিমের ভায়রা শহিদার রহমান গুরুতর আহত হন। তাঁকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শহিদারকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আটক নজরুলকে গ্রেপ্তার দেখানো হবে।