জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, গ্রামবাসীর প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলমুক্ত করতে গিয়ে প্রতিরোধের মুখে ফিরে গেছেন সরকারি কর্মকর্তা ও পুলিশের সদস্যরা। আলমডাঙ্গার হোসেনপুর গ্রামে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির বিরোধপূর্ণ জমি উদ্ধার করতে গেলে এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর গ্রামের কৃষকেরা গ্রামটির মাঠে ধান, ভুট্টাসহ বিভিন্ন শস্যের আবাদ করেছেন। গ্রামের ৩৫ একর জমি কেরু অ্যান্ড কোম্পানি তাদের বলে দাবি করে আসছে। অপরদিকে জমির বর্তমান দখলদারদের দাবি, ক্রয়সূত্রে ও বংশপরম্পরায় তাঁরাই ওই জমির মালিক। বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা চলছে।
গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার সহকারী কশিনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান ও আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ বেলা দুইটার দিকে হোসেনপুর গ্রামের মাঠে অভিযান চালাতে যায়। কিন্তু গ্রামবাসী লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় কর্মকর্তারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এর কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে জিকে খালের পাড়ে কর্মকর্তা ও গ্রামবাসীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার উভয় পক্ষের কাছে কাগজপত্র দেখতে চান।