জমি দখলের অভিযোগে পারটেক্সের ৪৫ কর্মী আটক
জমি দখলের অভিযোগে গত বুধবার রাতে গাজীপুর সদর উপজেলার বাংলাবাজারে পারটেক্স গ্রুপের দুটি কারখানার আবাসিক এলাকা থেকে ৪৫ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিককে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ও আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ কারণে দুটি কারখানাই গতকাল বন্ধ ছিল।
কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, বাংলাবাজার এলাকার পারটেক্স কারখানায় গত বুধবার রাতে কাজ শেষে কারখানার আবাসিক ভবন ও ডরমিটরিতে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। রাত আড়াইটার দিকে শতাধিক পুলিশ ও সাদাপোশাকধারী লোকজন ওই আবাসিক এলাকায় ঢুকে ৪৫ জনকে আটক করে। এ সময় আটক ব্যক্তিদের ল্যাপটপ, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসও নিয়ে যায় তারা। এর প্রতিবাদে গতকাল সকাল থেকেই কারখানা চত্বরে বিক্ষোভ শুরু করেন কারখানার বাকি কর্মচারী ও শ্রমিকেরা। তাঁরা অবিলম্বে সহকর্মীদের মুক্তি দাবি করেন। তা না হলে বৃহত্তর অন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাবাজার এলাকায় ঢাকার সাবেক পুলিশ সুপার আক্রাম হোসেন একসময় শতাধিক বিঘা জমি কেনেন। পরে ১৯৯৭ সালে তিনি মারা যান। কিন্তু ২০০৩ সালে আক্রাম হোসেনকে জীবিত দেখিয়ে পারটেক্স কর্তৃপক্ষ ওই জমি ক্রয় করে বলে দাবি করেন। এরপর ওই জমিতে কারখানার আবাসিক এলাকা গড়ে তোলে পারটেক্স গ্রুপ। ওই জমি দখলের অভিযোগে গত বুধবার দিবাগত রাতে কারখানার ওই কর্মীদের আটক করা হয়।
কারখানার উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ অযথা তাঁদের কর্মকর্তা ও কর্মচারীদের আটক করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, মৃত পুলিশ সুপার আক্রাম হোসেনের পক্ষে ব্যবসায়ী জাকারিয়া হোসেন গত বুধবার রাতে জমি দখলের অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।