জমি দখলের চেষ্টা, ছাত্রলীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর আদাবর ১০ নম্বর সড়কের একটি জমি অবৈধভাবে দখলের চেষ্টা ও ভাঙচুর করার সময় গত সোমবার ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে নয়জনই ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী। তবে গত তিন দিনে সবাই জামিন পেয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুর রহিম (২৩), ছাত্রলীগের কর্মী বনি আলম (২৩), অনীক সাহা (২৪), মিনহাজুল আরেফিন (২২), জুবায়ের রহমান ওরফে তালহা জুবায়ের (২৩), রবিউল ইসলাম (২৪), মো. অলীক ওরফে অলিব (২২), মো. সুমন (২৩) ও সৈয়দ লায়েব (২৩)। এ ছাড়া ছিলেন জমির মালিক দাবিদার নাজনীন নঈম (৩৬) ও তাঁর ঘনিষ্ঠজন সোহেল (৪১)।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গত সোমবার ওই বাড়ির তত্ত্বাবধানকারী তরিকুল হাসান বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করেছেন। জমির দাবিদার নাজনীন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই জমি দখল করতে গেলে পুলিশের হাতে ধরা পড়েন।
গ্রেপ্তার করা ছাত্রলীগের নয়জন নেতা-কর্মীর মুঠোফোনে গতকাল সন্ধ্যায় যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, গতকাল ঘটনাটি জেনেছেন তিনি। তাঁরা যদি জড়িত থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এজাহারের বরাত দিয়ে আদাবর থানার পুলিশ বলছে, গত সোমবার বেলা সোয়া ১১টার দিকে এজাহারভুক্ত ১১ জনসহ ১৫-২০ জন লাঠি, হকিস্টিক, চাপাতি ও পিস্তল নিয়ে আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর সড়কের ৭১২/২২/১২ নম্বর বাড়িতে ঢোকেন। তাঁরা বাড়ির ভাড়াটেদের টেনেহিঁচড়ে বের করে ঘরে ভাঙচুর চালান।