চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিক্ষোভ মিছিল, মানববন্ধন
জমি দখলের চেষ্টা, সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুকুর-জমি দখল ও সেখান থেকে তাদের উচ্ছেদের পাঁয়তারা এবং সাংবাদিকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী মুক্তি মোর্চা, নাচোল আদিবাসী একাডেমি, কোল আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের ব্যানারে গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। পরে মিছিল করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠনগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর, নওগাঁর নিয়ামতপুর, রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার দূরদূরান্ত থেকে হাজার খানেক নারী-পুরুষ এসব কর্মসূচিতে অংশ নেন।
প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে চলা মানববন্ধনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের মধ্যে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল রাজোয়ার, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, গোমস্তাপুর উপজেলার ওঁরাও আদিবাসীদের দিঘরী পরিষদের রাজা জহরলাল এক্কা, আদিবাসী মুক্তি মোর্চার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ মাহাত, নাচোল আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমরম, আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাও, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা দিলিপ কুমার রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন, বাবু ডাইং আদিবাসী বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া খাতুন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেত্রী রঞ্জনা রানি বর্মণ, করুণা রাজোয়ার, কল্পনা টুডু, খিরতী রানী বারোয়ার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভোগদখলে থাকা পুকুরসহ বসতভিটা থেকে তাদের উচ্ছেদের পাঁয়তারা করে আসছেন শহরের ব্যবসায়ী টি ইসলাম (তরিকুল ইসলাম)। তাঁর নির্দেশেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখলে থাকা পুকুরটিতে ১৫ আগস্ট বিষ মিশিয়ে মাছ মেরে ফেলা হয়। এরপর উল্টো তিনি পুকুরটি নিজের দাবি করে তাতে বিষ মিশিয়ে মাছ মারার অভিযোগে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, জনকণ্ঠর রাজশাহীর ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গিরসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে গত শুক্রবার নাচোলের মানিকড়া গ্রামে টি ইসলাম কর্তৃক পুকুর খনন ও উঁচু পাড় দেওয়ায় সৃষ্ট জলাবদ্ধতা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে পেশাগত কাজে নিয়োজিত থাকার সময় প্রথম আলোর সাংবাদিক আনোয়ার হেসেন, দৈনিক খোলা কাগজ-এর সাংবাদিক আবদুর রব নাহিদসহ আরও দুজনের ওপর হামলা চালানো হয়। গতকালের মানববন্ধন ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, টি ইসলামের নির্দেশেই এসব হামলা হয়েছে।
বক্তারা অবিলম্বে টি ইসলামসহ অন্য হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া সাংবাদিকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তাঁরা।