জমি না দেওয়ায় হামলা নারীসহ আহত ১০
পুকুর খননের জন্য কৃষিজমি না দেওয়ায় রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের নারীসহ ১০ জনকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার এ হামলা হয়।
আহতরা হলেন চাঁইসারা গ্রামের ধীরেন চন্দ্র সাহা (৬৪), ভারতী (৫৬), দুলাল চন্দ্র (৩৫), নিমাই প্রামাণিক (৪০), অমল (৬০) ও তাপস (৩৪)। এই ঘটনায় স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা ধীরেন কয়েকজন দিনমুজুর নিয়ে এলাকার ধামারবিলে নিজ জমিতে বোরো চারা রোপণ করতে যান। সকাল সাড়ে নয়টার দিকে ওই এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত বেলাল হোসেন ১০-১২ জন লোক নিয়ে সেখানে যান। তিনি ধীরেন ও তাঁর লোকজনকে জমি থেকে সরে যেতে বলেন। এ সময় যেতে অপারগতা জানালে ধীরেনের সঙ্গে বেলাল ও তাঁর লোকজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। খবর শুনে তাঁর স্ত্রী ও হিন্দুপাড়ার লোকজন ঘটনাস্থলে এলে তাঁদের ওপরও হামলা হয়। এতে ১০ জন আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ধীরেন ও অমল অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী বেলাল তাঁদের কৃষিজমিতে পুকুর করার জন্য ইজারা নিতে চান। তাঁরা রাজি না হওয়ায় বেলাল এ হামলা চালান।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, পুকুর খননের জন্য জমি ইজারা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে গত বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। একজন নারী মুঠোফোন রিসিভ করে বলেন, বেলাল বাড়িতে নেই।
এদিকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুণ্ডু।