জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০
বরিশালের গৌরনদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বার্থী গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
আহত, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বার্থী গ্রামের পল্লিচিকিৎসক হেলাল আকন ও মাছের আড়তদার সিরাজ হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার বার্থী ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার উপস্থিতিতে সালিস অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজ হাওলাদার গতকাল দুপুরে ওই সম্পত্তির ওপর ঘর নির্মাণ করতে যান। এ সময় হেলাল আকন বাধা দিলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সিরাজ ও তাঁর সমর্থকেরা হেলালের ওপর হামলা চালান।
এ খবর ছড়িয়ে পড়লে হেলালের আত্মীয়স্বজন ও সমর্থকেরা ধারালো অস্ত্র নিয়ে বিকেলে পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে গুরুতর আহত সবুজ হাওলাদার ও বেল্লাল হাওলাদারকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজ হাওলাদার অভিযোগ করেন, ‘আমরা কাজ করছিলাম। তখন হেলালরা হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায়।’ অভিযোগ অস্বীকার করে হেলাল আকন বলেন, তাঁরা হামলা করেননি। সিরাজের লোকজন তাঁদের ওপর হামলা করেছে।