জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
জমি নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার বকসির ঘটিচোরা গ্রামে এ ঘটনা ঘটে। এর জের ধরে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকসির ঘটিচোরা গ্রামের জালাল মাতুব্বর ও তাঁর চাচাতো ভাই ইউসুফ মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী এবং আত্মীয় সোহরাব মাতুব্বরের দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সোহরাব ও তাঁর ভাই আলমের নেতৃত্বে ৮-১০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে ইউসুফের ঘরে গিয়ে ভাঙচুর করে। এতে বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অস্ত্রের আঘাতে জালালের মা কুলসুম বেগম (৬৫), ইউসুফের স্ত্রী মোর্শেদা বেগম (২২) ও ভাই বেল্লাল (১৮) এবং সোহরাব (৪৪), তাঁর স্ত্রী আমেনা বেগম (৩৫) ও মেয়ে জেসমিন বেগম (২৪) আহত হন। খবর পেয়ে রাত নয়টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দিবাগত রাত তিনটার দিকে ইউসুফের ঘরে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। এ সময় গ্রামবাসী গিয়ে আগুন নেভায়।
ইউসুফ মাতুব্বর অভিযোগ করেন, সোহরাবের লোকজন তাঁর ঘর থেকে ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে ঘরে আগুন দেয়।
অভিযোগ অস্বীকার করে সোহরাবের ভাই আলম মাতুব্বর বলেন, ‘কে আগুন দিয়েছে, আমরা জানি না।’
মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ কুমার বলেন, এ ঘটনায় ইউসুফ মাতুব্বর সোহরাবকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। একই সঙ্গে সোহরাব মাতুব্বর তাঁর পরিবারের ওপর হামলা করায় ইউসুফের ভাই নিজাম মাতুব্বরকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।