জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যেপুর গ্রামের পাকা রাস্তায় ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। তিনি মধ্যেপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন নিহত আনোয়ারের ভাই আবদুর রশিদ (৪৭), প্রতিবেশী ওমর খান (৬০), মজিবর (৫৫) ও সোহাগ (২২)। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওমরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আবদুর রশিদের বরাত দিয়ে নিহত আনোয়ারের স্ত্রী ফরিদা বেগম জানান, আট বছর আগে পাশের জোকো গ্রামের কাসেম শেখের কাছে তাঁর স্বামী এক বিঘা জমি বিক্রি করেছিলেন। বুধবার সকালে সেই বিক্রি করা জমি কাসেমকে বুঝিয়ে দিতে আনোয়ার ও তাঁর সঙ্গীরা ওই গ্রামে যান। জমি বুঝিয়ে বাড়ি ফেরার পথে কাসেম ও জাহিদুরের নেতৃত্বে সাত-আটটি মোটরসাইকেলে বেশ কয়েক ব্যক্তি তাঁদের ঘিরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার ও তাঁর সঙ্গীদের কুপিয়ে হামলাকালীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আনোয়ারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আট বছর আগে আনোয়ার ওই জমি বিক্রি করলেও কাসেমকে তা এতদিন বুঝিয়ে দেননি। সেই সঙ্গে তিনি কাসেমের কাছ থেকে ওই জমিতে থাকা চিংড়ি মাছের ঘেরটি বর্গা নিয়ে চাষ করছিলেন। সেখান থেকেই তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। পরে সালিস বসিয়ে কাসেমকে জমি বুঝিয়ে দিতে বলা হয়। বুধবার জমি বুঝিয়ে দেওয়ার পরও কাসেম ওই ঘের আর বর্গা দিতে অসম্মতি জানান। সে সময় বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দেয়। ধারণা করা হচ্ছে, এসব কারণেই আনোয়ারকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে কাসেম ও জাহিদুর পলাতক।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকার শামস বলেন, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।