জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে আবদুস সামাদ মাদবর (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সামাদের স্ত্রীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে সামাদের ভাই মোতালেব মাদবর ও হালিম মাদবর এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের চর খোরাতলা গ্রামের মৃত সোলায়মান মাদবরের পাঁচ ছেলে। তাঁদের মধ্যে দুজন ইতালিপ্রবাসী। অন্য তিনজন বাবার সম্পত্তি ভোগদখল করছেন। ওই সম্পত্তি নিয়ে সামাদের সঙ্গে দুই ভাই মোতালেব ও হালিমের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে ২০১৪ সালের এপ্রিলে সংঘর্ষে মোতালেবের সমর্থক সাহেব আলী ফকির নামেরএক ব্যক্তি নিহত হন। তখন থেকে বিরোধ তীব্র হয়। বৃহস্পতিবার রাতে সামাদ স্থানীয় গঙ্গানগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধরে একটি ফসলি জমিতে নিয়ে যায়। সেখানে তারা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সামাদ মাদবরের স্ত্রী আয়নামতি বেগম বলেন, ‘জমি নিয়ে মোতালেব ও হালিমের সঙ্গে আমাদের বিরোধ ছিল। তাঁরা আমার স্বামীকে এর আগে মিথ্যা হত্যা মামলায় আসামি করেছেন। এখন সম্পত্তি দখলে নেওয়ার জন্য তাঁরা আমার স্বামীকে হত্যা করেছেন। আমি হত্যাকারীদের শাস্তি চাই।’
ঘটনার পর থেকে মোতালেব ও হালিম মাদবরের পরিবারের লোকজন পলাতক। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।