জমি নিয়ে বিরোধে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার অশোক চক্রবর্তী নামের এক ব্যক্তিকে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, অর্থোপেডিক বিভাগের মেঝেতে কাতরাচ্ছেন অশোক চক্রবর্তী। তাঁর দুই পায়ের হাঁটুর নিচে থেকে হাড় ভেঙে গেছে। এ সময় অশোক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার সম্পত্তি থেকে আমাকে উৎখাতের চেষ্টা চালাচ্ছেন চাচাতো ভাই মলয় চক্রবর্তী ও তাঁর ছেলে মিঠুন চক্রবর্তী। তাঁদের মদদ দিচ্ছেন প্রতিবেশী মো. জসিম আকন।’
অশোক আরও বলেন, ‘গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা আমার জমির ধান কেটে নিচ্ছিলেন। আমি তাঁদের বাধা দিই। এ সময় মিঠুন আমার গলায় গামছা পেঁচিয়ে মাটিতে ফেলে মারধর করেন। একপর্যায়ে মিঠুন ও জসিম আকন কুড়ালের হাতল দিয়ে আমার দুই পায়ে পেটান। তাতে দুই পায়ের হাড় ভেঙে যায়। তাঁরা আমাকে মেরে ফেলারও হুমকি দেন। আমার মুঠোফোনও ছিনিয়ে নেন।’
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক বাবুল কুমার সাহা প্রথম আলোকে বলেন, অশোক চক্রবর্তী (৪৮) দুই পা ভাঙা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দুই পায়ে ভারী কোনো কিছু দিয়ে আঘাত করায় পায়ের মূল হাড় ভেঙে গেছে। এটা সেরে উঠতে সময় লাগবে।
মিঠুন চক্রবর্তী বলেন, ‘কয়েক দিন আগে আমার বাবা-মাকে মেরেছে অশোক চক্রবর্তী। গত মঙ্গলবার আমার জমিতে ধান কাটতে গেলে তাতে বাধা দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি হয়। এতে তিনি পায়ে ব্যথা পান। তবে তাঁকে কুড়ালের বাঁট নয়, লাঠি দিয়ে পেটানো হয়েছে।’ জসিম আকনের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দুধল ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল লতিফ হাওলাদার বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মারামারি হয়েছে শুনেছি। তবে অশোকের কী অবস্থা হয়েছে, সেসব বিষয়ে কেউ আমাকে জানাননি।’