জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে দুর্বৃত্তদের হামলা
মেহেরপুর শহরের থানাপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে একজন আহত হয়েছেন। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কুদ্দুস, আবদুল মোমিন, লতিব ও মাহাবুবের পরিবার প্রায় ৭০ বছর ধরে থানাপাড়া এলাকায় বসবাস করছেন। কয়েক বছর আগে শহরের শেখপাড়ার নুরুল খান, নিজাম খান ও সদর উপজেলার গোভিপুর গ্রামের আবদুল গনি ৫ শতক জমি ক্রয়সূত্রে মালিকানা দাবি করেন। এ ঘটনায় জমিতে বসবাসকারীরা মেহেরপুর আদালতে মামলা করেন।
প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে নিয়ে কয়েকবার বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে বলে প্রশাসনকে বলে। এ ছাড়া যাঁরা জমিতে বসবাস করছেন, তাঁরাই ওই জমিতে বসবাস করবেন বলে উভয় পক্ষ সম্মতি দেয়। কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অর্ধশতাধিক লোক ওই বাড়িগুলোতে হামলা চালায়। এ সময় আবদুল মমিনের স্ত্রী মুন্নী খাতুন আহত হন। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙচুর চলাকালে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, থানার পাশে রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা একটি জমি দখল করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একটি ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।