জমি নিয়ে বিরোধে ভাঙ্গায় বৃদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৈয়দ আলী শিকদার (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মুজরিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সৈয়দ আলীর স্ত্রী মহুয়া বেগম, জুলহাস শিকদার, মহসিন শিকদার, এসকেন শিকদার ও আজগর শিকদার। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা মৌজায় আট শতাংশ জমির মালিকানা নিয়ে মুজরিকান্দা গ্রামের হায়দার শিকদারের সঙ্গে পাশের বিবিরকান্দা গ্রামের জলিল শিকদারের বিরোধ চলছিল।
গতকাল সকালে হায়দার ও তাঁর ভাইয়েরা বিরোধপূর্ণ জমিতে গম খেতের আগাছা পরিষ্কার করতে গেলে প্রতিপক্ষ জলিল শিকদারসহ ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় হায়দারের বড় ভাই সৈয়দ আলীসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আলীকে মৃত ঘোষণা করেন। অপর আহত পাঁচজনকে সেখানে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. ইমরান আলী বলেন, হাসপাতালে আনার আগেই সৈয়দ আলীর মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, হায়দার ও জলিলের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরেই হতাহতের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে।
হায়দার শিকদার বলেন, ‘জলিল শিকদার ও তাঁর লোকজন আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’ তবে জলিলের মুঠোফোন বন্ধ রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।