জমি নিয়ে বিরোধে রাজৈরে কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার নটাখোলা গ্রামে কালাচান মণ্ডল (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীরা সন্ত্রাসীদের নিয়ে গত রোববার রাত সাড়ে নয়টায় এ হত্যাকাণ্ড ঘটায় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

রাজৈর থানা ও নিহতের পরিবার সূত্র জানায়, রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা গ্রামের কামদেব মণ্ডলের ছেলে কালাচান মণ্ডল এলাকায় ধনাঢ্য কৃষক হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে চাচাতো ভাই বিনয় মণ্ডলের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রোববার রাত সাড়ে নয়টার দিকে কালাচান মণ্ডল মেয়ে ভূমিকা মণ্ডলকে নিয়ে ঘর থেকে বের হয়ে উঠানে যান। এ সময় বিনয়ের ছেলে বিজন মণ্ডল সন্ত্রাসীদের নিয়ে কালাচান মণ্ডলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কালাচান মণ্ডলের স্ত্রী মাধুরী মণ্ডল বাদী হয়ে বিজন মণ্ডলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে রাজৈর থানায় হত্যা মামলা করেছেন।

মাধুরী মণ্ডল অভিযোগ করেন, ‘বিজন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে তারা আমাদের জমি দখলের চেষ্টা করছিল। জমি দখলের জন্যই পাষণ্ডরা নির্মমভাবে লোকটিকে মেরে ফেলল।’

ঘটনার পর বিজন মণ্ডল পরিবারের সদস্যদের নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদ আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর আসামিরা এলাকা থেকে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।