জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আজ রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৪৫)। তাঁর বাড়ি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ইলশা গ্রামে জমিজমা-সংক্রান্ত বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বাসিন্দা দেলোয়ার আজিম ও দেলোয়ার হোসেনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে আজ দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ দেলোয়ার আজিমকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দেলোয়ারের পক্ষের আবদুল খালেককে টেঁটা দিয়ে আঘাত করেন প্রতিপক্ষের লোকজন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সংঘর্ষে জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।