জমি নিয়ে জালিয়াতি আশ্রয়দাতা ভিটেছাড়া
পদ্মার ভাঙনে নিঃস্ব একটি পরিবার আশ্রয় খুঁজছিল। নিজের বাড়ির এক কোণে তাদের আশ্রয় দিয়েছিল একটি সংখ্যালঘু পরিবার। সুযোগটি কাজে লাগিয়ে আশ্রয়দাতার পুরো বাড়িটি নিজেদের নামে লিখে নিয়েছে আশ্রয়গ্রহীতারা। ফলে ভিটেছাড়া হতে বসেছে আশ্রয়দাতা পরিবারটি।
ঘটনাটি ঘটেছে পাবনার বেড়া উপজেলার মাশুমদিয়া ইউনিয়নের কাজিশরীফপুর গ্রামে। আশ্রয়গ্রহীতারা মৃত এক ব্যক্তিকে মালিক সাজিয়ে এই জালিয়াতি করেছে।
জমিটির বিভিন্ন নথি ঘেঁটে এবং গ্রামের পাঁচ থেকে সাতজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সুধা রানী পাল নামে এক নিঃসন্তান নারীর কাজিশরীফপুর গ্রামে এক একর জমি ছিল। ১৯৪৮ সালে তিনি এই জমি থেকে ৫০ শতাংশ শ্রী সুধান্ন কুমার বিশ্বাসকে দান করেন। এরপর থেকে সুধান্ন কুমার বিশ্বাস তাঁর পরিবার নিয়ে জমিটিতে বাড়ি বানিয়ে বাস করতে থাকেন। ১৯৬৫ সালে সুধা রানী মারা যান। পরে সুধান্ন কুমার বিশ্বাসও মারা যান। পরবর্তী সময়ে সুধান্ন কুমারের দুই ছেলে বিশ্বনাথ বিশ্বাস ও দুলাল চন্দ্র বিশ্বাস পৈতৃক বাড়িটিতে বসবাস করতে থাকেন। কিন্তু দীর্ঘদিন খাজনা-খারিজ না দেওয়ায় জমিটি খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তিতে পরিণত হয়। ১৯৯১ সালে ওই গ্রামের পাশের এলাকাটি নদীভাঙনের কবলে পড়ে। আশ্রয়হীন হয়ে পড়ে বহু পরিবার। এ সময় দুলাল চন্দ্র বিশ্বাস তাঁদের বাড়ির এক কোণে ভাঙনে নিঃস্ব হারেজ শেখ ও জিন্নাহ মোল্লাহ নামের দুই ব্যক্তিকে আশ্রয় দেন। তারা ঘর তুলে সেখানে বসবাস করতে থাকে। খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তিতে পরিণত হওয়ায় ওই দুই ব্যক্তি বাড়িটি নিজেদের নামে লিখে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। তারা গত ১ এপ্রিল পাবনার সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের স্বাগতা গ্রামের সুরেশ রাহা নামে এক ব্যক্তিকে সুধা রানী পালের ভাইপো সাজিয়ে জমিটি নিজেদের নামে লিখে নেয়। সেই সঙ্গে আশ্রয়দাতা দুলাল চন্দ্র বিশ্বাস ও তাঁর ভাই বিশ্বনাথ বিশ্বাসকে বাড়িটি ছেড়ে দিতে বললে গ্রামে হইচই পড়ে যায়।
অভিযুক্ত জিন্নাহ মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলে, ‘আমরা সুরেশ রাহার কাছ থেকে জমিটি কিনেছি। তিনি জমি বিক্রি করে ভারতে চলে গেছেন। এর বেশি কিছু বলার নেই।’
দুলাল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ঘটনা জানার পরই আমরা সুজানগরের স্বাগতা গ্রামে খোঁজখবর নিয়েছি। ওই গ্রামে সুরেশ রাহা নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। তবে সুরেশ বিশ্বাস নামে এক ব্যক্তি ছিলেন। তিনি পাঁচ বছর আগে মারা গেছেন। তার নাম বিকৃত করে তাঁকে মালিক সাজিয়ে জমিটি লিখে নেওয়া হয়েছে।
সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবর রহমান বিশ্বাস বলেন, সুরেশ বিশ্বাস পাঁচ বছর আগে মারা গেছেন এবং তাঁর সন্তানেরাও ভারতে চলে গেছেন।
কাজিশরীফপুর গ্রামের উজ্জ্বল হোসেন বলেন, ‘ছোটবেলা থেকে আমরা দুলাল চন্দ্র বিশ্বাস ও তাঁর ভাইকে এই বাড়িতে বসবাস করতে দেখছি। বাড়িটি যে তাঁদের, এটা আশপাশের সব গ্রামের মানুষই জানে।’