জমি নিয়ে তিন ভাইয়ের সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে ভাইয়ে-ভাইয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক ভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামে এ সংঘর্ষ হয়।
গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, গ্রামের মজিবর রহমানের বড় ছেলে নূরুল ইসলামের সঙ্গে অপর দুই ছেলে রহমত আলী ও মোহাম্মাদ আলীর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল দুই পক্ষ বাড়ির সীমানা মাপার কাজ শুরু করে। একপর্যায়ে কথা-কাটাকাটি লাগলে দুই ছেলেসহ নূরুল ইসলাম লাঠি-শাবল-ছুরি নিয়ে বাকি দুই ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রহমত আলী (২৮) ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় মোহাম্মাদ আলীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পুলিশ বিকেলে রহমত আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টি এম আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। নূরুল ইসলাম ও তাঁর ছেলেরা পলাতক।