জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ১০
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর সরিষাবাড়ী গ্রামে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত ছাহের উদ্দিন (৩৫), মর্জিনা বেগম (২৯), ছকিনা বেওয়া (৫৫), ঝিলিক বেগম (৩৫), আবদুস সামাদ (৪৫), আবদুল গফুর (৩৮) ও ইসমত আরাকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি মো. বিল্লাল উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্র জানায়, চর সরিষাবাড়ী গ্রামের আবদুস সামাদের সঙ্গে তাঁর ছোট ভাই ছাহের উদ্দিনের মধ্যে ২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে ওই জমিতে পারিবারিক কবরস্থান তৈরির জন্য আবদুস সামাদ শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেন। এ সময় ছাহের উদ্দিন তাঁর ভাগের জমি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত মাটি ভরাট করতে দেবেন না বলে বাধা দেন। দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে।