জমি নিয়ে দুটি প্রতিষ্ঠানের কর্মীদের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় গতকাল বুধবার জমি নিয়ে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) ও খালেক গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ডিবিএল কারখানার নিরাপত্তা-তত্ত্বাবধায়ক মো. নূর হোসেন (৫০) নিহত হয়েছেন। আহত হন উভয় পক্ষের কমপক্ষে ৪৫ জন।
নিহত নূর হোসেন বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়াপাড়া এলাকায় খালেক গ্রুপের কেয়া কসমেটিকস কারখানার পাশে প্রায় ২০ বিঘা নিচু জমি রয়েছে। ওই জমিতে ডিবিএল বেশ কিছুদিন আগে বালু ও মাটি ফেলে সেখানে একটি গুদামঘর স্থাপন করে। একই জমির মালিকানা দাবি করে খালেক গ্রুপের লোকজনও সেখানে বালু ও মাটি ফেলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে এর আগেও একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষই সংঘর্ষে তাদের কারখানার শ্রমিকদের ব্যবহার করছিল। গতকাল দুপুরে খালেক গ্রুপের শত শত শ্রমিক ওই জমিতে অবস্থান নিয়ে ডিবিএলের ওই গুদামঘরে আগুন ধরিয়ে দেন। সেখানে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালান। আগুনে গুদামে থাকা কাঠ, বাঁশ ও টিনের ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে ডিবিএল কারখানার শত শত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ওই জমিতে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা খালেক গ্রুপের দুটি বুলডোজারে অগ্নিসংযোগ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের শ্রমিকদের লাঠিপেটা ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৪৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ীর শরীফ জেনারেল হাসপাতাল এবং আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নূর হোসেন মারা যান।
এদিকে ওই দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, নূর হোসেনের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ডিবিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ) মো. নাইমুল হক প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জমিটি আমাদের দখলে রয়েছে। সেখানে আমাদের তৈরি ঘর ও মালামাল ছিল। খালেক গ্রুপের লোকজন ওই ঘরে অগ্নিসংযোগ করে। এ ছাড়া তাদের হামলায় ডিবিএলের নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।’
তবে খালেক গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আক্কাছ আলী পাঠান প্রথম আলোকে বলেন, ‘ওই জমি আমাদের দখলে রয়েছে। সেখানে ডিবিএলের লোকজন হামলা চালিয়ে আমাদের ঘর ও দুটি বুলডোজারে অগ্নিসংযোগ করেছে।’
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান গতকাল রাত ১১টার দিকে প্রথম আলোকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।