জমি নিয়ে দুটি সংঘর্ষে আহত ৩৫, আটক ৩
জমি নিয়ে বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া ও নন্দনপট্টি গ্রামে গত শুক্রবার রাতে পৃথক সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ দুটি ঘটনায় গতকাল শনিবার চারটি মামলা হয়েছে।
কালীবাড়ি বাজারের ব্যবসায়ী রেজাউল করিম, স্বপন সরদারসহ কয়েকজন বলেন, বাসুদেবপাড়া গ্রামের খোকন সরদারের সঙ্গে একই গ্রামের আকবর প্যাদার জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে বিরোধপূর্ণ জমিতে খোকন সরদার লোকজন নিয়ে মাছ ধরতে গেলে আকবর পক্ষের মফসের ব্যাপারী (৩৫) বাধা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের কালীবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কালাম সরদার বিষয়টি মীমাংসা করে দেন। তা উপেক্ষা করে বেলা একটার দিকে প্যাদা বংশের লোকজন কালাম সরদারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে তাঁকে মারধর করেন।
কালাম সরদার বলেন, শুধু তাঁকেই নয়, তাঁদের বংশের সোবাহান সরদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী হৃদয় (১৭) ও আলমগীর সরদারের ছেলে সোহাগ সরদারকেও (১৪) রাত সাড়ে আটটার দিকে ফরিদ প্যাদার বাড়ির সামনে প্যাদা বংশের ৮-১০ জন লোক কুপিয়ে জখম করেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হৃদয় ও সোহাগের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাত নয়টার দিকে সরদার বংশের ২০-২৫ জন লোক পাল্টা হামলা চালান। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহত ব্যক্তিদের মধ্যে সরদার বংশের আরিফ (১৫) ও সাজিয়া আক্তার (১৬) এবং প্যাদা বংশের আলমগীর প্যাদা (৪৫), আকবর প্যাদা (৪০), সাফিয়া বেগম (৩২) ও সানজিদাকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হৃদয় ও সোহাগকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আকবর প্যাদা বলেন, সরদার বংশের ৪০-৫০ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্যাদা বংশের ১২ জনকে জখম করেছেন।
পুলিশ সূত্র জানায়, নন্দনপট্রি গ্রামের হাসমত আলী মুন্সীর সঙ্গে একই গ্রামের তোফাজ্জেল মুন্সীর জমি নিয়ে বিরোধ ছিল। গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে হাসমতের ছেলে কামাল মুন্সী বিরোধপূর্ণ জমিতে গাছের ডাল কাটতে যান। এতে তোফাজ্জেলের ছেলে বাচ্চু মুন্সী বাধা দেন। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রুবেল মুন্সী, কামাল মুন্সী, তোফাজ্জেল মুন্সী ও বাচ্চু মুন্সীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, দুটি ঘটনায় চারটি মামলা হয়েছে।