জমি নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সশস্ত্র হামলায় আটজন আহত হয়েছেন। এ সময় লুট করে নেওয়া হয়েছে জমির উঠতি ফসল আলু। উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
কেতুয়া গ্রামের বাসিন্দারা বলেন, ওই গ্রামের নুরুল ইসলাম ঢালীর সঙ্গে পাশের কুমারডুগী গ্রামের সুরুজ খানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনা ঘটেছে।
নুরুল ইসলামের ছেলে মজিব বলেন, জমির মালিকানা দাবি করে গতকাল সকাল সাতটায় সুরুজ খান ও তাঁর ছেলে রূপনের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে একটি জমির অর্ধেক আলুগাছ তছনছ করে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। এ সময় তাঁরা বাধা দিতে গেলে সন্ত্রাসীর তাঁদের ওপর হামলা চালায়।
নুরুল ইসলাম বলেন, সুরুজ খানের সঙ্গে ৯৩ শতাংশ জমির মালিকানা নিয়ে চারটি মামলা চলছে। ঘটনায় আহত মনিরুজ্জামান পাটওয়ারী (৩০) বলেন, হামলায় তিনি বাধা দিতে গেলে তাঁর দিকে গুলি ছোড়া হয়। কিন্তু তাঁর শরীরে গুলি লাগেনি। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাত কুপিয়ে জখম করে। হামলায় আহত অন্যরা হলেন নুরুল ইসলাম ঢালী, কামাল ঢালী, আয়শা বেগম, সোমা বেগম, মজিব ঢালী, আকবর ঢালী। আরেকজনের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে অভিযুক্ত সুরুজ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।