জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে পৈতৃক সম্পত্তি ভাগবাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। নিহত ব্যক্তির নাম আমির উদ্দিন (৫০)। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার নলুয়া আড়ালিয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহত আমির উদ্দিনের বড় ভাই মোহাম্মদ আলী মিয়া পলাতক।
পুলিশ, স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির পরিবার জানায়, নিহত আমির উদ্দিন ও তাঁর বড় ভাই মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে সখীপুর-ঢাকা সড়কের পাশে নলুয়া এলাকায় পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানান। গত সোমবার উভয় পক্ষের মধ্যে আলোচনা ও বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বড় ভাই মোহাম্মদ আলী ও তাঁর ছেলে পাশে থাকা লোহার রড ও লাঠি দিয়ে ছোট ভাইয়ের মাথায় উপর্যুপরি আঘাত করলে আমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশী ও স্থানীয় লোকজন তাঁকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সোমবার বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত একটার দিকে তিনি মারা যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।