জমি নিয়ে বিরোধ দুই ভাইকে বেঁধে মারধর, গ্রেপ্তার ৫
বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গত শুক্রবার দুই ভাইকে মারধরে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
আহত হওয়া দুই ভাই হলেন প্রসাদ মণ্ডল (৩৮) ও হৃদয় মণ্ডল (৩৫)। তাঁদের বাড়ি ফকরাবাদ গ্রামে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফকরাবাদ গ্রামের রুহুল আমিন, তাঁর স্ত্রী সইমা খাতুন ও শ্যালিকা মর্জিনা খাতুন, ডুমুরপোতা গ্রামের জাহিদুল ইসলাম এবং সদর উপজেলার বালিথা গ্রামের মনিরুল ইসলাম।
আশাশুনি থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বলেন, প্রসাদ মণ্ডল মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া লোকজনকে আদালতের মাধ্যমে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
রুহুল আমিনের ভায়রা আবদুর সবুর বলেন, রুহুল আমিন ওই জমি তিন বছর আগে কিনে সেখানে বসবাস শুরু করেন। সেখানে তিনি গাছও লাগান। শুক্রবার দুপুরে রুহুল আমিন ও তাঁর স্ত্রী বাড়িতে না থাকায় প্রসাদ ও হৃদয় লোকজন নিয়ে তাঁদের শতাধিক গাছ কেটে ফেলেন। রুহুল আমিন জানতে পেরে লোকজন নিয়ে তাঁদের প্রতিহত করেন। এ সময় রুহুল আমিনের লোকজন প্রসাদ ও হৃদয়কে ধরে বেঁধে রাখেন।