জমি নিয়ে বিরোধ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আজ সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মইজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় মইজ উদ্দিনের দুই সন্তান ও স্ত্রীসহ ছয়জন আহত হন। দুই সন্তান ও স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নয় বছর ধরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চূড়া গ্রামের কৃষক মইজ উদ্দিনের সঙ্গে তিন একর জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা তালেব আলীর বিরোধ চলছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে মইজ উদ্দিন সেই জমিতে হালচাষ করতে যান। এতে তালেব আলী ও তাঁর আত্মীয়স্বজন নিয়ে মইজ উদ্দিনকে বাধা দেন। খবর পেয়ে মইজ উদ্দিনের স্বজনেরাও ছুটে যান। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মইজ উদ্দিন নিহত হন। হামলায় মইজ উদ্দিনের পক্ষের স্ত্রী জেলেহা বেগম (৪৫) এবং সন্তান হাবিবুর রহমান (২৫) ও রোজিনা খাতুনসহ (১৪) ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ মইজ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালেব আলীসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।