জমি নিয়ে বিরোধ, বাড়িতে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একপক্ষের বাড়ির উঠানে গিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে পৌর শহরের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শাহপুর এলাকার রাসেল মাহমুদ, কালু মিয়া, শামিম আহম্মেদ, শাকিল আহম্মেদ ও সাজেদা বেগম। তাঁদের মধ্যে রাসেল ও কালু মিয়া ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১ একর ৮০ শতাংশ জমি নিয়ে একই এলাকার মোয়াজ্জেম হোসেনের সঙ্গে তৈয়ব আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল সকাল আটটার দিকে তৈয়ব আলীর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মোয়াজ্জেম হোসেনের লোকজনের বাড়ির উঠানে গিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে ওই পাঁচজন আহত হন। সদর থানার ওসি নাছিমুল ইসলাম বলেন, এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।