পিরোজপুরের জিয়ানগর উপজেলার বিরোধপূর্ণ একটি জমি দখল করতে মাদ্রাসার দুটি ঘর ভেঙে ফেলা হয়েছে। গত মঙ্গলবার ছাত্রলীগের রাশিয়া ইউনিটের সহসভাপতি সুমনা ইসলাম ও তাঁর ভাই রেজাউল ইসলামের নেতৃত্বে এই জমি দখল করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বৌডুবি গ্রামের কয়েকজন প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসার ছাত্র জানান, গত মঙ্গলবার সকালে ৫০-৬০ জন যুবক নিয়ে সুমনা ও তাঁর ভাই রেজাউল ইসলাম গ্রামের বৌডুবি রাবেয়া খাতুন হাফেজি মাদ্রাসায় আসেন। এ সময় মাদ্রাসার দুটি ঘরে প্রায় শতাধিক ছাত্র কোরআন শরিফ পড়ছিল। মাদ্রাসার ছাত্রদের জোর করে ঘর থেকে বের করে দেন সুমনা। এরপর ভাড়াটে লোকজন মাদ্রাসার কাঠের একটি ঘর ও একটি আধপাকা ঘর ভেঙে ফেলে দ্রুত সেখানে ইটের দেয়াল তুলে দেন। খবর পেয়ে ইন্দুরকানি থানা-পুলিশ ঘটনাস্থলে গেলেও তারা কোনো বাধা দেয়নি বলে অভিযোগ করেন মাদ্রাসার পরিচালক আমিরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, সুমনা বৌডুবি গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে। তিনি কিছুদিন আগে রাশিয়া থেকে গ্রামে ফেরার পর পিরোজপুর সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তাঁর নামে গ্রামের বিভিন্ন স্থানে ডিজিটাল বোর্ড স্থাপন করেন।
সুমনা ইসলাম ছাত্রলীগের রাশিয়া ইউনিটের সহসভাপতি বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সাংসদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
অভিযোগের বিষয়ে সুমনা ইসলামের দাবি, তাঁর বাবা নূরুল ইসলাম এই জমি স্থানীয় আমিনুল ইসলাম ও আলামিন ইসলামের কাছে বিক্রি করেন। ওই দুজন পরে স্থানীয় মাসুম তালুকদার নামে অন্য একজনের কাছে জমিটি বিক্রি করেন। আর মাসুম তালুকদার মাদ্রাসাটির সঙ্গে জড়িত। কিন্তু তিনি যে জমি কিনেছিলেন সেটি বাদ দিয়ে তাঁর (সুমনা) বাবার জমি দখল করেন। ২০১১ সালে নূরুল ইসলাম একটি মামলা করেন। ২০১৩ সালে সুমনার বাবা মারা গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই জমিতে ঘর তোলে। সুমনা আরও বলেন, তাঁর পৈতৃক জমি মাদ্রাসা কর্তৃপক্ষ দখল করে নিয়েছে। এই জমি উদ্ধারের জন্যই তিনি দেশে এসেছেন।
মাদ্রাসার পরিচালক আমিরুল ইসলাম বলেন, সুমনার পরিবারের লোকজন মাদ্রাসার যে ১৯ শতাংশ জমির মালিকানা দাবি করছেন, তা তাঁর বাবা নূরুল ইসলাম মারা যাওয়ার আগে অন্য ব্যক্তির কাছে বিক্রি করেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে ওই জমি কিনে নেন। মাদ্রাসার সভাপতি ও পাড়েরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম বলেন, মাদ্রাসার জমির বিষয়ে আদালতে একটি মামলা চলছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই অন্যায়ভাবে মাদ্রাসার ঘর ভেঙে জমি দখল করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে ইন্দুরকানি থানার ওসি এ কে এম মিজামুল হক বলেন, মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেয়াল তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।