জমি নিয়ে বিরোধ হামলায় নিহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জমি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ১১ জন আহত হন। গতকাল বুধবার পূর্ব বাছহাটী গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটী গ্রামের আবদুর রশিদ (৫০)। এ ঘটনায় পুলিশ তিন নারীসহ আটজনকে আটক করেছে।
সুন্দরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হুড়াভায়াখাঁ গ্রামের ধলু মিয়ার সঙ্গে একই উপজেলার পূর্ব বাছহাটী গ্রামের আবদুর রহমানের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
গতকাল ওই জমি নিয়ে দায়ের করা মামলার শুনানির নির্ধারিত দিনে ধলু মিয়ার পক্ষে আবদুর রশিদ মোটরসাইকেলে করে গাইবান্ধার আদালতে রওনা হন। পথে পূর্ব বাছহাটী গ্রামে আবদুর রহমান ও তাঁর লোকজন তাঁকে (আবদুর রশিদ) আটক করে এলোপাতাড়ি মারধর করতে থাকেন।
খবর পেয়ে ধলু মিয়া লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন। আবদুর রহমান ও তাঁর লোকজন তাঁদের ওপরও হামলা চালান। এতে ১১ জন আহত হন।
এঁদের মধ্যে ধলু মিয়া ও আবদুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে আবদুর রশিদ মারা যান।
আহত ব্যক্তিদের মধ্যে আলতা বেগম, রেজাউল করিম, সুফিয়া বেগমসহ অন্যদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ আবদুর রহমান (৬৫), এনামুল হক (২৬), আলম মিয়া (২৭), রেজাউল করিম (৪২), নুরুজ্জামানসহ (৬৫) আটজনকে আটক করে। তবে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবদুর রশিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।