জমি নিয়ে বিরোধে ইটভাটা শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নীলফামারীর সৈয়দপুরে এমদাদুল হক (৩৫) নামের এক ইটভাটা শ্রমিক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমদাদুল সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী বড়বাড়ি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর তাঁর জমিতে একটি টিনের ঘর নির্মাণ করছিলেন। ওই দিন বিকেলেই প্রতিবেশী আবদুর রহমান (৫৫) ওই ঘর নির্মাণে বাধা দেন। আবদুর রহমানের দাবি, যে জমিতে এমদাদুল ঘর বানাচ্ছেন তাতে তাঁর অংশ রয়েছে। বাধা পেয়ে এমদাদুল হক কিছু জায়গা ছেড়ে দিয়ে আবার ঘর তৈরির কাজ শুরু করেন। এ অবস্থায় হঠাৎ আবদুর রহমানের ভাগনে ও জাতীয় রেলওয়ে শ্রমিক পার্টির (এরশাদ) সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আবদুর রশীদের ছেলে ফারুক হোসেন (৩০) দলবল নিয়ে এমদাদুলের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমদাদুল হক মারা যান।
এ বিষয়ে কথা বলার জন্য ফারুক ও তাঁর মামা আবদুর রহমানের বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখা যায়।