জমি নিয়ে বিরোধে যুবককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রতিপক্ষের লোকজনের গুলিতে মোহাম্মদ শহিদুল্লাহ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়ার বাসিন্দা শহিদুল্লাহর সঙ্গে পার্শ্ববর্তী বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার মৌলভি মোহাম্মদ হাবিবের জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে শহিদুল্লাহ জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষ মৌলভি হাবিব বাধা দেন। একপর্যায়ে হাবিব তাঁর লোকজন নিয়ে ধাওয়া করেন। পরে তাঁদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মোহাম্মদ শহিদুল্লাহ ও জালাল গুরুতর আহত হন।
আত্মীয়স্বজন আহত শহিদুল্লাহকে বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর গুলিবিদ্ধ জালালকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিকেল চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের গুলিতে শহিদুল্লাহ নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে জালাল নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, শহিদুল্লাহ হত্যা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার জন্য এলাকায় দফায় দফায় পুলিশের অভিযান চলছে।