জমি নিয়ে বিরোধে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
খুলনায় ইমরান সজীব আকন্দ (৩০) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে লবণচরা থানাধীন রূপসার মান্দ্রা খালের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সজীব নগরের গল্লামারী মুহাম্মদনগর এলাকার নজরুল ইসলামের ছেলে। জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার জন্য নজরুল ইসলামকে গল্লামারীতে ডেকে বসিয়ে রেখে রূপসায় সজীবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, স্থানীয় লোকজন মান্দ্রা খালের পাশে সজীবকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ আহত সজীবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সজীবের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাঁ হাত কবজির নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ওসি জানান।
ওসি আরও জানান, নিহত সজীব আকন্দ কিছুদিন আগে একটি হত্যা মামলায় কারাগার থেকে বের হয়েছেন। তিনি জলমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী।
নিহত সজীবের বাবা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, বাগেরহাটের এক মালিকের কাছ থেকে তিনি খুলনার সাচিবুনিয়া এলাকায় কিছু জমি কেনেন। কিছুদিন আগে ওই জমি প্লট করে বিক্রি করার উদ্দেশ্যে রাস্তা তৈরি করছিলেন। এ সময় গল্লামারী এলাকার হাফিজের নেতৃত্বে সুমন, মাহবুব, চঞ্চল, সিরাজ, নাটা বাবু, জামাই মনির, সজল ও হাফিজের চাচাতো ভাই উশান ওই কাজ বন্ধ করে দেন এবং ২০ লাখ টাকা চাঁদা চান।
গত বৃহস্পতিবার গল্লামারী কসাইখানার সামনে অবস্থিত হাফিজের নিজস্ব কার্যালয়ে ছেলেকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এ সময় হাফিজের লোকদের সঙ্গে ছেলের কথা-কাটাকাটি হয়। আজ (শুক্রবার) আবার ওই কার্যালয়ে বসার কথা বলে ডেকে আনা হয়।
নজরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে ওই কার্যালয়ের সামনে আমাকে বসিয়ে রাখা হয়েছে। এ সময় ছেলে মান্দ্রা খালে তাঁর ঘেরে ছিল। আমাকে বসিয়ে রেখে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে হাফিজের লোকজন।’ এ ব্যাপারে তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
চেষ্টা করেও অভিযোগ সম্পর্কে হাফিজের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।