জমি নিয়ে বিরোধে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, আটক ৪
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর আউশিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
কয়েকজন গ্রামবাসী সাংবাদিকদের বলেন, চর-আউশিয়া গ্রামে ১০ শতাংশ জমি নিয়ে মক্কেল আলী ও সিরাজুল ইসলাম নামের দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি দখল নিয়ে আজ উভয় পক্ষের লোকজন কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু সংঘর্ষের মাঝে পড়ে পাঁচ পুলিশ সদস্যও আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে জড়িত বাকিরা গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।