জমি নিয়ে বিরোধে ২৮টি গাছ হত্যা?
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাকুপাড়া গ্রামের আশরাফ আলীর বাগানের ২৮টি আম ও মেহগনিগাছ কেটে ফেলেছে। এ ব্যাপারে আশরাফ আলী গতকাল রোববার বাগাতিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
থানা-পুলিশ সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাতে কে বা কারা আশরাফ আলীর বাগানের ২৪টি মেহগনি ও চারটি আমগাছ কেটে ফেলে রেখে গেছে। খবর পেয়ে গতকাল সকালে তিনি বাগানে গিয়ে কাটা গাছ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এলাকার লোকজন সেগুলো দেখতে আসেন।
আশরাফ আলী বলেন, ‘২৬ বছর আগে গ্রামের আবুল হোসেনের কাছ থেকে আমি বাগানের এই ৫৮ শতক জমি কিনি। পাঁচ বছর আগে এখানে আম ও মেহগনিগাছের বাগান করি। আমগাছগুলোতে গতবার আমও ধরেছিল।
প্রায় তিন মাস আগে আবুল হোসেন মারা যান। এরপর তাঁর নাতি সুমন হোসেন আমাকে বাগান ছেড়ে দিতে বলেন। আমি আমার সব কাগজপত্র দেখানোর পরও তিনি আমাকে বাগান নষ্ট করে দেওয়ার হুমকি দেন। এ ব্যাপারে আমি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলাম। হঠাৎ শনিবার রাতে এই ঘটনা ঘটেছে।’
জানতে চাইলে সুমন হোসেন বলেন, ‘ওই জমি আমার নানা আমাদের দান দলিল করে দিয়েছেন। তবে আমরা ওই জমির গাছ কাটিনি।’