জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার লক্ষ্মীটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে ওই ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে রাতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. শরিফ (৫২)। তিনি উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইশোরকুল গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই এমদাদুল বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শরিফের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার আবদুস সালামের জমি নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কাশিয়াবাড়ি বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন শরিফ। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে রাতেই উপজেলার চর ইশোরকুল এলাকার আসাদুল ইসলাম (৩৮) ও ইউসুফ আলী (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।